বটতলা বাজার ডিএনসিসির অনুমোদন পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য বেগুনবাড়ির সাব–পোস্ট অফিস ঢালের বটতলায় ফুটপাত ও ফুটপাতের পাশের কিছু জায়গায় গড়ে ওঠা বটতলা বাজারের একাংশ l ছবি: প্রথম আলো
মধ্য বেগুনবাড়ির সাব–পোস্ট অফিস ঢালের বটতলায় ফুটপাত ও ফুটপাতের পাশের কিছু জায়গায় গড়ে ওঠা বটতলা বাজারের একাংশ l ছবি: প্রথম আলো

মধ্য বেগুনবাড়ীর সাব-পোস্ট অফিস ঢালের বটতলা মোড়। এখানে একটি বটগাছকে কেন্দ্র করে অনেক বছর আগে গড়ে ওঠে ‘বটতলা বাজার’। ফুটপাত ও পাশের কিছু পতিত জায়গা নিয়ে শুরু হয় বাজারের কার্যক্রম। বাজারটি একসময় ‘টোল মার্কেট’ হিসেবে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের অনুমোদন পেয়েছিল। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়ম ভঙ্গের অপরাধে ২০১৩ সালে সেই অনুমোদন স্থগিত হয়ে যায়। তারপরও বাজারের কিছু অংশ এখনো অবৈধভাবে টিকে আছে।
ব্যবসায়ীদের দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পুনরায় বাজারটির অনুমোদন দিক। এ বিষয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ জানিয়েছে, বাজারটি অনুমোদন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
১ জুলাই প্রথম আলোয় ‘ফুটপাতে অবৈধ দোকানের ছড়াছড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে মধ্য বেগুনবাড়ীর সাব-পোস্ট অফিস ঢাল থেকে দক্ষিণ বেগুনবাড়ীর আজমেরি মোড় পর্যন্ত সড়কের দুপাশে প্রায় ২০০ অবৈধ দোকান গড়ে উঠেছে বলে উল্লেখ করা হয়। সে সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ঈদের পর সব অবৈধ দোকান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বটতলা বাজারের ব্যবসায়ীরা বাজারটি অনুমোদন দেওয়ার দাবি জানান।
বাজারের প্রবীণ ব্যবসায়ীরা জানান, বেগুনবাড়ী কাঁচাবাজার বহুমুখী সমবায় সমিতি ১৯৯৭ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফের কাছে বাজার বসানোর অনুমতি চেয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দেন। পরে ২০০১ সালের ডিসেম্বর মাসে ‘টোল মার্কেট’ নামে সমিতি এ বাজারের অনুমোদন পায়। মোট ১০ হাজার ৪০০ বর্গফুট জায়গায় ৭ বাই ১০ ফুট আয়তনের ১৪৭টি দোকান বসানোর অনুমতি মেলে। ২০১৩ সালে অনুমোদনের নিয়ম ভেঙে ব্যবসায়ীরা আধা পাকা দোকান নির্মাণ করলে তৎকালীন অবিভক্ত সিটি করপোরেশন বাজার ভেঙে দিয়ে অনুমোদন স্থগিত করে দেয়।
সমিতির সাবেক নেতা ও বর্তমান সদস্য হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সে সময় রাস্তা ও ফুটপাতের ২৪ ফুট জায়গার বাইরে কিছু অতিরিক্ত জায়গা ছিল। সে জায়গায় “টোল মার্কেট” হিসেবে বাজারটি অনুমোদিত হয়। আমাদের কাছে কাগজপত্রও আছে। পরে ২০১৩ সালে এর অনুমোদন স্থগিত হয়ে যায়।’
ব্যবসায়ীরা জানান, অনুমোদন অনুযায়ী ফুটপাতের পাশের পতিত জায়গা নিয়ে বটতলা মোড় থেকে দিপীকা মোড় পর্যন্ত সড়কের দুপাশে এ বাজার বসানো হয়। সমিতির সদস্যরা প্রত্যেকে একটি করে দোকানের বরাদ্দ পান। সমিতির হয়ে ব্যবসায়ীরা ২০০১-২০০৫ সাল মেয়াদে সিটি করপোরেশনকে ৩৩ লাখ ৮২ হাজার ৫৪৪ টাকা খাজনা দেন। একইভাবে দ্বিতীয় মেয়াদে ২০০৭-১২ সালে খাজনা আসে ৫৮ লাখ টাকা। ব্যবসায়ীরা সমিতির মাধ্যমে প্রথম মেয়াদের পুরো টাকা জমা দিলেও দ্বিতীয় মেয়াদের কিছু টাকা বাকি রয়ে যায়। বাকি টাকার বিষয়ে একাধিক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন সদস্যদের নামে আলাদা আলাদা খাজনা রসিদ দিলে সদস্যরা বকেয়া পরিশোধ করবেন।
বাজারটি ডিএনসিসির ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। জানা গেছে, এটা ছাড়া বেগুনবাড়ী এলাকায় আর কোনো কাঁচাবাজার নেই।
বিষয়টি জানালে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা অমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমিও শুনেছি, বাজারটি একসময় অবিভক্ত সিটি করপোরেশনের অনুমোদন পেয়েছিল। এসব বাজার মূলত অস্থায়ী, অল্প সময়ের জন্য বসানো হয়। স্থায়ী হওয়ার কোনো সুযোগই নেই। বর্তমানে ডিএনসিসি কর্তৃপক্ষ ওই অনুমোদন পুরোপুরি বাতিল করে দিয়েছে। কোনোভাবেই ওখানে বাজার বসানো যাবে না। আমাদের স্পষ্ট সিদ্ধান্ত, ডিএনসিসি এলাকায় রাস্তার পাশে কোনো বাজার থাকবে না।’