বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন খানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার গতকাল মঙ্গলবার এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরী সেলিম হোসেন, সুকুর আলী ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইমরান হোসেন।
খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে (২) বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ও প্রতিকৃতি সংরক্ষণ আইনে এ মামলা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে শোকসভার জন্য উপজেলা চত্বর ও এর আশপাশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছবিসংবলিত পোস্টার, ব্যানার সাঁটানো হয়েছিল। ইউএনওর নির্দেশে ১৩ সেপ্টেম্বর সকালে সেগুলো ছিঁড়ে ও ভেঙে উপজেলা পরিষদ ভবনের পেছনে টয়লেটের ট্যাংকের ওপর ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এতে বাদী ও সাক্ষীরা থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে পুলিশ।