বটিয়াঘাটায় শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ গ্রামে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নর্দমা থেকে পুলিশ গতকাল সোমবার সকালে সেকেন্দার আলী মোল্লা (৫০) নামের এক শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। সেকেন্দার খুলনা নগরের রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল পাঁচটার দিকে জামাতা মোবিন মোড়লের সঙ্গে মোটরসাইকেলে খুলনা নিউমার্কেট এলাকায় পৌঁছালে সেকেন্দার আলীর মুঠোফোনে কল আসে। তিনি থামার পর হেলমেট পরা এক মোটরসাইকেলচালক সেখানে উপস্থিত হন। সেকেন্দার আলী ওই চালকের মোটরসাইকেলে চলে যাওয়ার পর থেকেই নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের উত্তর পাশে ময়লার স্তূপের নিচে কচুরিপানার মধ্য থেকে বটিয়াঘাটা থানার পুলিশ তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বেগ বলেন, লাশ দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার পর গাড়িতে এনে ওই নর্দমায় ফেলে দিয়ে গেছে।