বটিয়াঘাটায় হচ্ছে বঙ্গবন্ধু ইকোপার্ক
মানুষের বিনোদনের জন্য খুলনায় তৈরি করা হচ্ছে একটি ইকোপার্ক। বঙ্গবন্ধু ইকোপার্ক নামের ওই পার্কটি তৈরি করা হবে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কাজীবাছা নদীর তীর ঘেঁষে। খুলনা জেলা প্রশাসন ইকোপার্কটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইকোপার্কটি হবে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে। থাকবে শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা। ওই স্থানের মাটি কেটে বাগান করা হবে, যাতে পার্কে আসা লোকজন নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। ইকোপার্কটিতে থাকবে ছোট ছোট পুকুর। এ ছাড়া চলাফেরার জন্য পার্কের ভেতর ওয়াকওয়ে তৈরি করা হবে।
২০১৭ সালের জানুয়ারিতে ইকোপার্কের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। আর পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ইকোপার্কটি নির্মাণের জন্য জেলা প্রশাসনের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার একটি কমিটিও তৈরি করা হয়েছে। ওই কমিটি সম্ভাব্য নির্মাণব্যয়, অর্থায়নের উৎস, পরিকল্পনা ও নির্মাণকাজ বাস্তবায়ন করবে। জেলা প্রশাসনের জন্য বরাদ্দ বিভিন্ন তহবিল থেকেও পার্কের নির্মাণে কিছু ব্যয় করা হবে।
ইকোপার্কটি নির্মাণের জন্য কাজীবাছা নদীর তীরে মাথাভাঙ্গা ও জাবুসা মৌজার প্রায় ৩৬ একর পতিত জমি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। গত শনিবার ওই জমি পরিদর্শন করেন খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান, বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল আলম খানসহ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জমি পরিদর্শন শেষে ওই স্থানে আয়োজিত মতবিনিময় সভায় সাংসদ পঞ্চানন বিশ্বাস বলেন, খুলনায় বঙ্গবন্ধু ইকোপার্ক নির্মাণ হলে স্থানীয় জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এখানে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, প্রস্তাবিত জমির ভেতর অবৈধভাবে কেউ বসতি স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে জমির আশপাশে বৈধভাবে অবস্থানরত কাউকে উচ্ছেদ করা হবে না। প্রকৃত ভূমিহীন যাচাই করে খাসজমি নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে।