বটুলি স্থলবন্দর পরিদর্শনে ভারত ও বাংলাদেশের যৌথ প্রতিনিধিদল
ভারত ও বাংলাদেশের উচ্চপর্যায়ের যৌথ প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছে। পরে ভারতীয় সীমান্তে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পুরান রাঘনাবাজার এলাকায় এক মতবিনিময় সভা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ১০ সদস্যের প্রতিনিধিদলটি বটুলি সীমান্তে পৌঁছায়। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বাণিজ্য অধিদপ্তরের পরিচালক ইন্দিরা মূর্তি এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বির হোসেন। প্রতিনিধিদলের কর্মকর্তারা সরেজমিন বটুলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা ঘুরে দেখেন। বেলা ১১টার দিকে মতবিনিময় সভা শুরু হয়। উত্তর ত্রিপুরার পূর্বাচল এক্সিম চেম্বার অব কমার্স এ সভার আয়োজন করে। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ, পূর্বাচল এক্সিম চেম্বার অব কমার্সের সভাপতি এন জি চ্যাটার্জি, সেক্রেটারি রামানন্দ ভট্টাচার্য প্রমুখ।পূর্বাচল এক্সিম চেম্বার অব কমার্সের সেক্রেটারি রামানন্দ ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ অংশে বটুলি স্থলবন্দর থেকে জুড়ী উপজেলা সদর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। কয়েকটি সেতু ঝুঁকিপূর্ণ। জুড়ী উপজেলা সদরে সড়কের ওপরে একটি রেলসেতু থাকায় নিচ দিয়ে মালবাহী ট্রাক চলাচল করতে পারে না। এতে আমদানি-রপ্তানিকাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।