বটেরখাল নদে সেতু নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাতক উপজেলার বটেরখাল নদে সেতু নেই। এ কারণে খেয়া দিয়ে পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়ে মানুষ l ছবি: প্রথম আলো
ছাতক উপজেলার বটেরখাল নদে সেতু নেই। এ কারণে খেয়া দিয়ে পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়ে মানুষ l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ বাগইন গ্রামের বটেরখাল নদে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে ৩০ হাজার মানুষ। তবে এতে বেশি সমস্যা হচ্ছে গ্রামগুলোর শিক্ষার্থীদের। তারা বর্ষাকালে নৌকায় ঝুঁকি নিয়ে নদ পার হয়। এ পরিস্থিতিতে এখানে একটি সেতু নির্মাণের জোর দাবি তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানান, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বাগইন ও বিনোদপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বটেরখাল নদ। নদের পশ্চিম পারে ছৈলা, আলমপুর, শাসন, লাকেশ্বর, খল্লা, কলিরগাঁও, বুগলি, বানারসি, বড়ছাল, ভাওয়াল, বাগইন এবং উত্তর-পূর্ব দিকে বিনোদপুর, লক্ষ্মীপুর, দশগড় ও নাগড়াখালী গ্রাম। নদ পারাপারের জন্য এখানে একটি খেয়ানৌকা আছে।

সরেজমিনে দেখা গেছে, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নদের বাগইন অংশ থেকে অন্তত ২৫ জন যাত্রী ওপারের বিনোদপুর অংশে যাওয়ার জন্য খেয়ায় চেপেছে। এর মধ্যে ১০ জন ছাত্রীও রয়েছে। বাতাসে নৌকাটি যখন দুলছিল, তখন ছাত্রীরা ভয়ে জড়সড় হয়ে কাঁপতে থাকে।

বিনোদপুর গ্রামের রাসেল আহমদ জানান, সেতুর অভাবে এ অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। নদপারের বাগইন গ্রামসংলগ্ন বাংলাবাজার অংশে একটি মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউপি কার্যালয় অবস্থিত। তাই ওপারের বিনোদপুর অংশের কয়েকটি গ্রামের অন্তত ২৫০-৩০০ শিক্ষার্থীকে নদ পার হয়ে এপারে আসতে হয়। আবার এপারের ১১টি গ্রামের লোকজনকে বিনোদপুর অংশ দিয়ে ছাতক উপজেলা সদর ও উপজেলার বড় হাট গোবিন্দগঞ্জে যেতে হয়।

বিনোদপুর গ্রামের বাসিন্দা কৃষক বদরুল আমিন জানান, পেশার কারণেই তাঁদের প্রতিদিন এপার থেকে ওপারে যেতে হয়। একেকবার খেয়া পার হতে আধঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা লেগে যায়।

 ছৈলা আফজলাবাদ ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন ধর জানান, এ বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদের সমন্বয় সভায় তিনি উত্থাপন করেছেন।

এলজিইডি সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, নদে কোনো সেতু নির্মাণ করা যায় কি না, তা দেখার জন্য শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।