বড় আকারে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় (জি টু জি প্লাস) বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই স্মারক সই হয়।
এই চুক্তির মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ বড় আকারে খুলছে। আলোচনা আছে, তিন বছরে ১৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এবং মালয়েশিয়ার পক্ষে সই করেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতো রিচার্ড রায়ত আনাক জায়েম। স্মারক সইয়ের পর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় এলাকাভেদে ন্যূনতম মজুরি হলো প্রতিমাসে ৮০০ থেকে ৯০০ রিঙ্গিত (প্রায় ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা)। সে অনুযায়ীই বাংলাদেশের কর্মীরা মজুরি পাবেন।
নতুন পদ্ধতিতে মালয়েশিয়ায় যেতে একেকজন কর্মীর ৩৪ হাজার থেকে ৩৭ হাজার টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, বনায়ন খাতের পাশাপাশি সেবা, নির্মাণ, কৃষি, বনায়ন ও ম্যানুফ্যাকচারিং (উৎপাদন খাত) খাতেও এখন মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত হলো।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) আশঙ্কা, নতুন প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে ‘সিন্ডিকেট’ হওয়ার সুযোগ থাকছে। তবে সমঝোতা স্মারক অনুষ্ঠানে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেছেন, নতুন এই পদ্ধতিতে মনোপলির (একচেটিয়া ব্যবসা) সুযোগ নেই।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকারের তথ্যভান্ডারে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে কর্মী পাঠানো হবে। বর্তমানে প্রায় ২১ লাখ কর্মী এই তথ্যভান্ডারে নিবন্ধিত। জি টু জি প্লাস অনুযায়ী, কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।