বড় ঋণখেলাপিদের জন্য বড় ছাড়
বড় অঙ্কের ঋণগুলো এবার পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ঋণ খেলাপি হয়ে আছে। আবার কিছু চলমান ঋণও রয়েছে।
এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে এক দফা আলোচনাও হয়েছে গত সোমবার। সূত্র জানায়, পর্ষদ একটি নীতিমালা তৈরি করে তাদের কাছে তা উপস্থাপন করতে বলেছে।
ঋণ আদায় করতে না পেরে ২০০২ সালে খেলাপি ঋণ রাইট-অফ বা অবলোপনের সুযোগ সৃষ্টি করা হয়। অর্থ ঋণ আদালত আইন দুই দফায় সংশোধন করা হয়। ২০১৩ সালের শেষভাগে রাজনৈতিক পরিস্থিতির কথা বলে এক দফা খেলাপি ঋণ পুনঃ তফসিলের বিশেষ সুবিধা দেওয়া হয়। কিন্তু তার পরেও কোনোভাবেই খেলাপি ঋণ কমাতে না পেরে এখন বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, কতবার একটি ঋণ (তিনবার) পুনঃ তফসিল করা যাবে, তা বলা আছে। ফলে এখন খেলাপিদের সুবিধা দিতে এর নতুন নামকরণ করা হয়েছে—ঋণ পুনর্গঠন। এখন এতে করে বড় ঋণখেলাপিরা এবার বড় ছাড় পাবেন।
দেশের অন্যতম আলোচিত গ্রুপ বেক্সিমকো গ্রুপের পাঁচ হাজার কোটি টাকারও বেশি অর্থের ঋণ পুনর্গঠনের কাজ চলছে। বেক্সিমকোর দেখানো পথ ধরেই এখন অন্য বড় খেলাপিদেরও একই সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, যেসব প্রতিষ্ঠান ও বড় অঙ্কের ঋণগ্রহীতা ঋণ নিয়ে সঠিক সময়ে এবং নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন, তাঁদের বিষয়টি কখনো চিন্তা করা হয়নি। ফলে ভালো গ্রাহকদের মধ্যে এ নিয়ে হতাশাও রয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে ব্যাংক খাতে গত সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে ৫৭ হাজার ২৯০ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে, যা ওই সময় পর্যন্ত মোট বিতরণ করা প্রায় ৪ লাখ ৯৪ হাজার কোটি টাকা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ। আর মার্চ পর্যন্ত হিসাবে অবলোপন করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৩১ হাজার কোটি টাকা। অবলোপন করা এসব ঋণের আদায় তেমন নেই। অর্থ ঋণ আদালতের রায়ের বিপরীতে খেলাপি গ্রাহকেরা উচ্চতর আদালতে আপিল আবেদন করে বেশির ভাগ ক্ষেত্রেই স্থগিতাদেশ নিয়ে রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে তাঁদের খেলাপিও বলা যায় না।
বড় অঙ্কের ঋণের সংজ্ঞা রয়েছে ২০১৪ সালের জানুয়ারি মাসে ব্যাংকগুলোর কাছে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে, কোনো ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা তার বেশি পরিমাণ ঋণ যদি একক ব্যক্তি বা একটি পক্ষ বা কোনো গোষ্ঠীকে দেওয়া হয়, তবে তা বড় অঙ্কের (লার্জ লোন) ঋণ হিসেবে বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের পর্ষদে দেশের শীর্ষ ২০ ব্যক্তি বা গোষ্ঠীর ঋণের তালিকা উপস্থাপন করা হয়েছিল গত সোমবার। জানা গেছে, এদের কাছে প্রায় ৫০ হাজার কোটি টাকা বা দেশের মোট ঋণের ১০ ভাগের মতো রয়েছে। অবশ্য সূত্র বলছে, এই ২০ ব্যক্তি বা গোষ্ঠীর কাছে থাকা ঋণের আড়াই শতাংশের মতো ঋণ খেলাপি হয়ে আছে।
প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা তৈরি করে তা পর্ষদের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।’ এর বাইরে তিনি কিছু বলতে চাননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক থাকাকালে খেলাপি ঋণের ওপর অনেকগুলো গবেষণা চালান। যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘তথাকথিত ঋণ পুনর্গঠন করে কোনো কার্যকর ফল হবে না।’ তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনাল গঠন করে খেলাপিদের সব সম্পদ বাজেয়াপ্ত করা ও তাঁদের জেলে পাঠাতে না পারলে এ সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না।’
চট্টগ্রামকেন্দ্রিক একদল ব্যবসায়ী ২০০৯-১০ সালের দিকে নিত্যপণ্য আমদানির পর বাজারজাত করতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আর পরিশোধ করেনি। লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট (এলটিআর) বা কেবল বিশ্বাসের ওপর এ ঋণগুলো দেওয়া হয়েছিল সর্বোচ্চ তিন মাসের জন্য। কিন্তু বিশ্বাস ভঙ্গ করেন এই ব্যবসায়ীরা। ফলে স্বল্প মেয়াদে ৯০ দিন বা ১২০ দিনে (শিল্পের মধ্যবর্তী পণ্যের ক্ষেত্রে এলটিআরের মেয়াদ) যে অর্থ ব্যাংকের কাছে ফিরে আসার কথা ছিল, তা মেয়াদের ভিন্নতায় পাঁচ বছর অথবা তারও বেশি সময় ধরে ব্যাংকে আসছে না।
মূলত, এ ঋণগুলো এখন পুনর্গঠন করা হবে। তবে এর মধ্যে অনেক বেনামি ঋণ, হল-মার্কের মতো অ্যাকুমোডেশন বা একই গ্রুপের মধ্যে শিল্পের কাঁচামাল কিনতে খোলা ঋণপত্রের (এলসি) মাধ্যমে সৃষ্ট ঋণ, এক নামে ঋণ নিয়ে ভিন্ন খাতে ব্যবহার ইত্যকার ঋণগুলো রয়েছে।
উল্লেখ্য, নানা অনিয়ম করে বের করে নেওয়া ঋণসহ বেক্সিমকো গ্রুপের পাঁচ হাজার ২৫৮ কোটি টাকার ঋণ পুনর্গঠনের প্রক্রিয়া ব্যাংকগুলোতে চলছে। গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ঋণগুলো ২০২৬ সাল পর্যন্ত পুনর্গঠনের প্রস্তাব করেছেন। একই সঙ্গে ঋণগুলোর সুদের হার ১০ শতাংশে নির্ধারণ ও আড়াই বছর গ্রেস পিরিয়ডের (বেক্সিমকোর ভাষায় মরেটরিয়াম) দাবি করছে বেক্সিমকো। যে ঋণগুলো ২০১০-১১ সালে ১২০ থেকে ১৮০ দিনে মধ্যে ব্যাংকে ফেরত আসার কথা ছিল এবং সুদের হার ছিল ১৬ থেকে ১৮ শতাংশ, তা আড়াই বছর পর থেকে ১২ বছর ধরে ফেরত আসবে।
একইভাবে চট্টগ্রামের ১২-১৫ জন ব্যবসায়ীকে সব ব্যাংকই ঋণ দিতে চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে ঋণ পরিশোধে কোম্পানিগুলোর সক্ষমতা বিবেচনা ছাড়াই এসব ঋণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—মেসার্স ইলিয়াস অ্যান্ড ব্রাদার্স, ইমাম গ্রুপ, মোস্তফা গ্রুপ, নুরজাহান গ্রুপ, এইচআর গ্রুপ ইত্যাদি।
ঋণ পুনর্গঠনের যে নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের পর্ষদে নেওয়া হয়েছে, সেখানে ঋণগুলোর এককালীন জমা কী হবে, কত বছরের জন্য পুনর্গঠন করা হবে, সুদের হার কী হবে—সেগুলো আলোচনাতে আসেনি। একটি কমিটি করে এগুলো ঠিক করে নীতিমালাটি তৈরি হবে বলে জানা গেছে।