বড় কর্মকর্তাদের সন্তুষ্টির জন্য উচ্ছেদ অভিযান!
রেলস্টেশন পরিদর্শনে আসবেন বড় কর্মকর্তা। তাই তাঁদের সন্তুষ্ট করতে শুরু হয়েছে স্টেশনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। শুধু উচ্ছেদ নয়, এ পরিদর্শনকে কেন্দ্র করে পাকশী বিভাগের পাঁচটি স্টেশনে চলছে ১৫ লাখ টাকার উন্নয়নকাজ।
পাকশী রেল কার্যালয়ের সূত্র জানায়, আগামী ৬ মে ঈশ্বরদী জংশন থেকে জামতৈল স্টেশন পর্যন্ত পরিদর্শন করবেন বাংলাদেশ সরকারের রেল পরিদর্শক (জিআইবিআর)। পরিদর্শনের সময় জিআইবিআরকে খুশি করার জন্য মুলাডুলি, চাটমোহর, লাহেড়ীমোহনপুর, উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনে জরুরি ভিত্তিতে প্রায় ১৫ লাখ টাকার কাজ ঠিকাদারি কাজ শুরু করা হয়েছে। এর আওতায় স্টেশন ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন, ধোয়া-মোছা ও রং করা হবে। বিভাগীয় রেল প্রধান এসব কাজ দেখাশোনা করছেন।
একই সঙ্গে ঈশ্বরদীতে গতকাল বুধবার রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, গতকাল সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি দপ্তরের পক্ষ থেকে পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের নিয়ে শহরের রেলগেট এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রেলের লেভেল ক্রসিং ও ঘুমটিঘরের পাশে গড়ে ওঠা সাতটি দোকানঘর এ সময় উচ্ছেদ করা হয়। এ ছাড়া ঈশ্বরদী বুকিং কাউন্টার ও ফুট ওভারব্রিজসহ স্টেশন এলাকায় ৩০টি অবৈধ দোকান সরিয়ে ফেলা হয়।
পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, উচ্ছেদ অভিযানটি তাঁদের নিয়মিত কাজ। ঈশ্বরদী থেকে জামতৈল পর্যন্ত পাঁচটি স্টেশন এলাকায় বড়-ছোট ২৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ শুরু হয়েছে। তবে এরই মধ্যে জিআরবিআরের পরিদর্শনের কথা রয়েছে। আগামী ৫ মে পর্যন্ত রেলের উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।
ঈশ্বরদী জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান জানান, পরিদর্শনের কর্মসূচি ছাড়াও স্টেশনের সৌন্দর্যবৃদ্ধি, যাত্রীসেবা ও জনসাধারণের সুবিধার্থে এসব কাজ করা হচ্ছে।
এদিকে, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আফজাল হোসেন জানান, মূলত জিআইবিআরের পরিদর্শনের কারণেই পাকশী বিভাগের পাঁচটি রেলস্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও অন্যান্য কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।