বড় দুর্নীতির বিচার না হওয়ায় ছোট দুর্নীতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা। দুর্নীতি যে অন্যায়, অপরাধ; এটি করলে যে শাস্তি পেতে হয়, সে রকম দৃষ্টান্তের অভাব আছে। বড় ধরনের দুর্নীতির বিচার না হওয়ায় ছোট ছোট দুর্নীতিগুলো পর্যায়ক্রমে বিস্তার লাভ করছে।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, পরিচয়ের ঊর্ধ্বে রেখে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হোক। দুর্নীতিবাজ যেই হোক, আইনের চোখে সবাই সমান। সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক।

নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে আলোচনা সভায় সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন সনাকের জোবায়দা খাতুন ও মো. আমিনুল ইসলাম।