মাথায় বাহারি তাজ, গলায় রঙিন কাগজের মালা। শিং জোড়ায় লাল রঙের প্রলেপ। এমন চারটি দেশি বড় ষাঁড় ট্রাক থেকে নামানো হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ মাঠের অস্থায়ী পশুর হাটে। কুষ্টিয়ার মিরপুর থেকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সবুজ মিয়া এই চারটি ষাঁড় নিয়ে আসেন। প্রতিটির দাম হাঁকছিলেন দেড় লাখ টাকা করে।
পুরান ঢাকার এ এলাকায় এবার কোরবানির পশুর দুটি অস্থায়ী হাট বসেছে। রহমতগঞ্জ ক্লাব মাঠকে কেন্দ্র করে হাটটি পাশের মেট্রোপলিটন ডিগ্রি কলেজ মাঠ, চাঁদনীঘাট থেকে শুরু করে ওয়াটার ওয়ার্কস রোড পর্যন্ত সম্প্রসারিত। অন্য হাটটি বসেছে বেড়িবাঁধের সোয়ারিঘাট থেকে শহীদনগর, আমলিগোলা, কিল্লামোড় হয়ে ইসলামবাগ পর্যন্ত।
চকবাজার থেকে ওয়াটার ওয়ার্কস রোডের পাশ দিয়ে বসে গেছে খড়, ভুসি, কাঁচা ঘাস, কাঁঠালপাতার টানা পসরা। রহমতগঞ্জ হাটের সব পশু অবশ্য সবুজ মিয়ার ষাঁড়ের মতো সাজানো নয়। তবে নিরাভরণ পশুটিকে সাজিয়ে নিয়ে বাড়ির পথ ধরতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুবন্দোবস্ত রয়েছে হাতের কাছেই।
রঙিন দড়ি, মালা, তাজ—পশু সাজানোর প্রভৃতি সামগ্রীর দোকান বসে গেছে হাটে প্রবেশের গলিগুলোর মুখেই। এবার হাটে পশুর দাম বেশ চড়া। তবে পশুর সজ্জাসামগ্রী মিলবে সস্তায়। মালা, দড়ি, তাজ—এক প্যাকেজে কিনলে পাওয়া যাবে মাত্র ১০০ টাকায়।
জুমার দিন থাকায় দিনের প্রথম ভাগে হাটে ক্রেতার উপস্থিতি তেমন দেখা যায়নি। জুমার পর থেকে ক্রেতার সমাগম বাড়তে থাকে। যাচাই-বাছাই, দরদাম, বেচাকেনায় বেশ জমজমাট হয়ে ওঠে হাটের পরিবেশ। মূলত গতকাল বিকেল থেকেই রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে মূল বিক্রি শুরু হয়েছে বলে জানান ইজারাদার ও বিক্রেতারা।
গরুর ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেল, গত দুই বছর কোরবানির হাটে পশুর দাম পড়ে যাওয়ায় তাঁরা অনেক লোকসান দিয়েছেন। সে কারণে এবার গরুর আমদানি কম। দামও চড়া। ফরিদপুরের ব্যাপারী মোয়াজ্জেম শেখ জানালেন, গত বুধবার তিনি ১৯টি গরু এনেছেন চাঁদনীঘাট এলাকায়। বিক্রি হয়েছে দুটি। তবে বিশালাকার তাগড়া চেহারার গরুর চেয়ে এবার মাঝারি বা একটু বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ক্ষতিকর স্টেরয়েড-জাতীয় ওষুধ খাইয়ে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার বিষয়টি এখন সবারই জানা। এতে ক্রেতাদের মধ্যে যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে। তাই মোটা টাকায় একটি মোটাতাজা গরু কেনার বদলে তাঁরা সেই টাকায় মাঝারি গড়নের একাধিক গরু কিনতে আগ্রহী ছিলেন। এমনই এক ক্রেতাকে পাওয়া গেল রহমতগঞ্জ মাঠে। বংশালের ব্যবসায়ী আবদুল হামিদ ছেলে লাবিবকে নিয়ে এসেছিলেন কোরবানির পশু কিনতে। তিনি জানালেন, লাখ খানেক টাকা তাঁর বাজেট। তবে বড় গরু কিনবেন না। পছন্দ হলে দুটি গরু কেনার ইচ্ছা আছে তাঁদের।
ব্যাপারীরা পশু আমদানি কম বললেও হাটে প্রচুর গরু। তবে দাম ছিল চড়া। মাঝারি আকারের গরু বিক্রি হয়েছে ৬০ থেকে ৭৫ হাজার টাকায়। গায়েগতরে ভালো, চোখে লাগার মতো চেহারা হলেই দাম হাঁকা হচ্ছে ৮০ হাজার থেকে এক লাখ টাকা।
পোস্তা এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম হাটে এসেছিলেন ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে গরু কিনতে। গতবারের অভিজ্ঞতা থেকে বললেন, এই দামে গত দুই বছর যেমন আকারের গরু পাওয়া গেছে এবার তার দাম ৮০ হাজারের ওপরে। যাচাই-বাছাই করছেন পছন্দ না হলে ফিরে যাবেন। আরও দুই দিন হাতে আছে। তবে ব্যাপারীরা এবার দাম ছাড়বেন না বলেই তাঁর ধারণা।
মিরকাদিমের গাভি: রহমতগঞ্জের পশুর হাটের বিশেষ আকর্ষণ থাকে মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার বিশেষ কিছু গরু। এগুলো গাভি। এসব গরুর নির্ধারিত ক্রেতাই আছেন।
তবে গতকাল পর্যন্ত হাটে মিরকাদিমের গরু আসেনি। ব্যাপারীরা জানালেন, মিরকাদিমের গরুর চাহিদা কমেনি, কিন্তু আমদানি কমে গছে। গত কয়েক বছর থেকে অল্প কিছু গরু আসে। আজ শনিবার বা কাল রোববার কিছু গরু আসবে। বিক্রিও হয়ে যাবে সঙ্গে সঙ্গে।