বড় পর্দায় খেলা দেখে বাড়ি ফেরার পথে গণছিনতাই
রংপুরে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখে বাড়ি ফেরার পথে কমপক্ষে ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷
জানা যায়, রংপুর শহরের মুন্সিপাড়া কবরস্থানের সামনের সড়কে বৃহস্পতিবার রাতে দোকান কর্মচারী লিমন মিয়ার (২২) মোটরসাইকেল আটকে মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। প্রতিবাদ করলে লিমনকে মারপিট করে মোটরসাইকেল ভাঙচুর করে তারা। লিমন জানান, শহরের প্রেসক্লাব এলাকায় বড় পর্দায় খেলা দেখে রাত সাড়ে ১২টার দিকে কেরানীপাড়ার বাড়িতে ফিরছিলেন তিনি।
নিয়ামত কদমতলা এলাকার আসলাম মিয়া শহরের বৈশাখী হোটেলের কর্মচারী। রাত একটার দিকে খেলা দেখে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে হাজিপাড়ার মোড়ে কয়েকজন যুবক পথরোধ করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে বেদম মারপিট করে। আহত আসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
একই রাতে পড় পর্দায় খেলা দেখে বাড়ি ফেরার পথে শহরের বাংলাদেশ ব্যাংক মোড়ে মেডিকেল পূর্ব গেট এলাকার ব্যবসায়ী নূর ইলাহী, রংপুর বেতারের পাশে সাগরপাড়া মোড়ে রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম ছিনতাইয়ের শিকার হন। তাঁর পকেটে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা৷
এ ছাড়া শহরের জলকর এলাকায় একটি, রংপুর সরকারি কলেজের সামনে একটি, জিলা স্কুল মোড়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ছিনতাইয়ের কবলে পড়া ভুক্তভোগীরা জানিয়েছেন৷
এদিকে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশে, শহরের গণেশপুর, মুলাটোল পাকারমাথা, সাতমাথা, দখিগঞ্জ এলাকাতেও একটি করে ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে৷
গোয়েন্দা পুলিশ রংপুর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৮৬ জনকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছিনতাই, চুরি, একাধিক সহিংস ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে৷