মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা এবং সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হচ্ছে।
পুলিশ ও পরিবহনচালকেরা বলছেন, চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরিসহ ভারী যানবাহন এ সড়ক ব্যবহার করে রাজধানী, গাজীপুর, টঙ্গী, আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানা এবং দেশের উত্তরাঞ্চলসহ সিলেট বিভাগে চলাচল করে।
সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারের দুই পাশে অবৈধভাবে এক বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ স্থাপনা ও পাকা বিপণিবিতান নির্মাণ করেছে। এ কারণে সড়কটি সরু হয়ে গেছে। তা ছাড়া মদনপুর থেকে নয়াপুর বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ অস্থায়ীভাবে ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করার চেষ্টা করলেও তারা সফলতা পায়নি। সড়ক সরু ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন এ সড়কের মদনপুর থেকে বস্তোল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত ট্রাক ও ট্যাংকলরি যানজটে আটকা পড়ে। এ স্থানটি অতিক্রম করতে দুই থেকে আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশে ছেড়ে আসা একটি ট্যাংকলরির চালক জাবেদ আলী জানান, এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নয়াপুর বাজারের দুই পাশে অবৈধ স্থাপনা এবং সড়কে গর্ত থাকার কারণে প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা যানজটে পড়তে হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সড়কের মধ্যে খানাখন্দ এবং সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে এ সড়কে প্রতিদিন যানজটে পড়ে ট্রাকচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সড়কের যানজট দূর করতে হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কটি অবশ্যই মেরামত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা জানান, নয়াপুর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কটি মেরামত করে মানুষের ভোগান্তি দূর করার জন্য লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।