বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা পথচারীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বগুড়ার সাতমাথা-কাহালু সংযোগ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজনকে সাতমাথা থেকে কাহালু উপজেলা সদর পর্যন্ত ৮ থেকে ১২ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
কাহালু উপজেলা নাগরিক কমিটি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। ইতিমধ্যে তারা উপজেলা প্রশাসনের কাছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা-ভ্যানের চাবি জমা দিয়ে প্রতীকী ধর্মঘট পালন করেছে। সড়ক সংস্কারে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে ‘থমকে দাঁড়াও কাহালু (স্টপ কাহালু)’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বগুড়ার সাতমাথা থেকে কাহালু উপজেলা শহরের দূরত্ব ১১ কিলোমিটার। বগুড়া-কাহালু সংযোগ সড়কের তিনমাথা রেলগেট থেকে কাহালু উপজেলা সদর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার অংশই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। অধিকাংশ স্থানে ঢালাই উঠে গেছে। গত বছরের বর্ষাকাল থেকেই পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা ভালো। কিন্তু বাকি নয় কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। যান চলাচলের অনুপযোগী। সড়কের অসংখ্য স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় অটোরিকশাচালকেরা ভোগান্তি পোহান। কোনো স্থানে যাত্রীদের নামিয়ে কোনোমতে অটোরিকশা সামনে চালিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়কটির শিতলাই ও বেলঘড়িয়া এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
শিতলাই গ্রামের অটোরিকশাচালক মাসুদ মিয়া বলেন, এ সড়কে এখন ঝুঁকি নিয়ে অটোরিকশা চালাতে হয়। ভাঙা অংশে যাত্রী নামিয়ে অটোরিকশা পারাপার করতে হয়। কাইট গ্রামের কনক চন্দ্র প্রামাণিক বলেন, ‘ইংকা করে কী পথ চলা যায়? গোটা রাস্তায় দ্যাও (গর্ত) হয়্যা গেচে। গোটা রাস্তায় নামা লাগিচ্চে।’ উলট্ট গ্রামের কৃষক আফাজ উদ্দিন বলেন, ‘বগুড়াত যাতে আগে সিএনজি ভরা লাগিচ্চিলো ১০ টেকা। ভাঙাচোরা গর্ত হওয়ার কারণে এতিকুনা (এতটুকু) পথত ভাড়া বাড়িচে পাঁচ টেকা।’
কাহালু উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন কবিরাজ প্রথম আলোকে বলেন, এ সড়ক যান চলাচলের অনুপযোগী হওয়ায় অনেকেই বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট হয়ে অতিরিক্ত ৮ কিলোমিটার ঘুরে জেলা শহরে যাতায়াত করছেন। আবার কেউ কেউ বগুড়া-নাটোর সড়কের মালঞ্চা-রানীরহাট হয়ে অতিরিক্ত ১২ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করছেন। এতে উপজেলা সদর থেকে সাতমাথায় যেতে ১১ কিলোমিটার দূরত্বের পথ ২৩ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে হচ্ছে। ১৫ মিনিটের পথ যেতে সময় লাগছে পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত।
এ ব্যাপারে সওজ বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বগুড়া-কাহালু সংযোগ সড়কের সিংহভাগ অংশই এখন বেহাল। সংস্কারের জন্য জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের তালিকায় সড়কটি অন্তর্ভুক্ত করে সড়ক বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে প্রকল্পটি একনেকের সভায় ওঠার কথা রয়েছে।