নড়াইলের কলোড়া ইউনিয়নের আগদিয়ারচর-বন খলিশাখালী সড়কটি প্রায় ১৫ বছর ধরে চলাচলের অনুপযোগী। এতে নড়াইল সদর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫ হাজার লোক প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কের ক্লাবঘর থেকে আগদিয়ারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার ইটের। বাকি অংশ কাঁচা। এক কিলোমিটারের বিভিন্ন স্থানের ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভ্যান বা রিকশাও এই পথে আর চলাচল করছে না।
এই রাস্তা ব্যবহার করেন এমন ১৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে সদর উপজেলার বিছালী, শিঙ্গাসোলপুর ও কলোড়া ইউনিয়নের বন খলিশাখালী, আগদিয়ারচর, রামনগরচর, নলদীরচর, বিছালী, রুখালিসহ ১৬টি গ্রামের লোকজন যাতায়াত করেন। ইউনিয়ন পরিষদ ও জেলা সদরে যাতায়াতের এটাই প্রধান রাস্তা। দীর্ঘ সময় ধরে এটি সংস্কার না করায় তাঁদের দুর্ভোগ বাড়ছে। ভুক্তভোগীরা আরও বলেন, সামান্য বৃষ্টিতেই সড়ক পিচ্ছিল হয়ে যায়। যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটে পথ পাড়ি দিতে হয় তাঁদের।
বিছালী ইউনিয়নের বন খলিশাখালী গ্রামের কলেজছাত্রী চন্দনা মালাকার বলে, তাদের এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী প্রতিদিন আগদিয়ারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়, গোবরা মিত্র কলেজে লেখাপড়া করতে যায়। শুকনো মৌসুমে ভাঙা রাস্তা দিয়ে স্কুল-কলেজে হেঁটে যাওয়া কষ্টকর। আর বৃষ্টি হলে কাদার কারণে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না।
কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, ২০০০ সালে সড়কটির এক কিলোমিটার অংশে ইট বসানো হয়। কিছুদিন যেতে না-যেতেই ইট উঠে যেতে থাকে। সড়কের বাকি অংশেও কোনো কাজ হয়নি। সংস্কারের জন্য অনেকবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নড়াইল কার্যালয়ে আবেদন করা হয়েছে। সর্বশেষ নড়াইল-১ আসনের সাংসদের কাছে পত্র দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল মেলেনি।
রাস্তা খারাপ হওয়ায় ভোগান্তি বেড়েছে এলাকার কৃষকেরও। আগদিয়ারচর গ্রামের কৃষক জীবন অধিকারী বলেন, আগে কৃষকেরা ট্রাকে করে ফসল নিয়ে যেতেন। এখন ট্রাক না চলায় তাঁরা রিকশাভ্যান, নছিমন-করিমনে করে ফসল বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এতে ভাড়াও গুনতে হচ্ছে বেশি।
এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা যাবে।