বড় ভাইকে ফাঁসাতে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল আতাউর রহমানের বিরুদ্ধে বড় ভাই মাওলানা সাইদুর রহমানকে মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সাজিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে৷ তাঁরা ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঝাউগড়া গ্রামের আবেদ আলী মুন্সীর ছেলে৷
সাইদুর নেত্রকোনার কেন্দুয়ার রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ৷ এ ছাড়া তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নান্দাইল উপজেলার সভাপতির দায়িত্ব পালন করছেন৷ আর আতাউর রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কনস্টেবল পদমর্যাদায় গাড়িচালক হিসেবে কর্মরত আছেন৷
সাইদুর অভিযোগ করে বলেন, আতাউর তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে নান্দাইল থানায় তাঁর (সাইদুর) বিরুদ্ধে বেশ কয়েকটি জিডি ও মামলা করেছেন৷ এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও জিঙ্গবাদে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে পাঠানো হয়৷ এ নিয়ে অখ্যাত পত্রিকায় সংবাদ প্রকাশ করে তাঁকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে৷ তিনি আরও জানান, সম্প্রতি পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে আতাউর বাবা আবেদ আলী মুন্সীর সঙ্গে অসদাচরণ করেন৷ তিনি ছোট ভাইয়ের এমন অপকর্মের প্রতিবাদ করেন৷ এ ঘটনার পর থেকে আতাউর তাঁর বাবা ও অন্য ভাইদের বিরুদ্ধে পুলিশি প্রভাব খাটাতে শুরু করেন৷ এ কারণে ১৫ এপ্রিল আবেদ আলী মুন্সী ময়মনসিংহের পুলিশ সুপারের (এসপি) কাছে আতাউরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) কার্যালয়ে আতাউরকে ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি৷
এ বিষয়ে আতাউর মুঠোফোনে প্রথম আলোকে জানান, নান্দাইল পৌর শহরে তাঁর স্ত্রীর একাধিক দোকান রয়েছে৷ ওই দোকানগুলোতে মাদকের ব্যবসা করত তাঁর ভাইয়ের সন্তানেরা৷ তিনি তাঁদের ওই দোকান থেকে উচ্ছেদ করলে বড় ভাই সাইদুর ক্ষিপ্ত হয়ে এ ধরনের অভিযোগ করছেন। কী ধরনের তথ্যের ভিত্তিতে সাইদুরকে জিঙ্গবাদের পৃষ্ঠপোষক বলছেন—জানতে চাইলে আতাউর বলেন, ‘যেসব পত্রিকায় সাইদুরের বিরুদ্ধে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, বিষয়টি তাদের কাছ থেকে জেনে নিন৷
নান্দাইল মডেল থানার ওসি সাইফুল জানান, জানামতে, সাইদুরের বিরুদ্ধে থানায় অভিযোগ নেই৷