বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ও ভাতিজার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই ও ভাতিজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান গতকাল রোববার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের ওসমান আলী (৭০) ও তাঁর ছেলে মোহসীন আলী (৩৫)। এঁদের মধ্যে মোহসীন আলী পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০০৩ সালের ২১ আগস্ট পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে একই গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন নবীউদ্দিন। পথে ছোট ভাই ওসমান গণি ও তাঁর ছেলে মোহসীনসহ কয়েকজন নবীউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পরদিন এ ঘটনায় নিহতের ছেলে খায়রুল ইসলাম চারজনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, এক যুগ মামলা চলার পর গতকাল রায় দেন বিচারক। তবে আসামি মোহসীন পলাতক থাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় একই পরিবারের অন্য দুজন ওবায়দুর রহমান ও লাকী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।