বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা মধ্যপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আব্বাছ আলী (৪০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঠাকাটা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আব্বাছ আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে নেশা করতেন। তাঁর স্ত্রী-ছেলে-মেয়ে নেই। গতকাল সোমবার রাতে তিনি বাড়ি  ফেরেননি। আজ সকাল ছয়টার দিকে আব্বাছ বাড়ি ফিরেই তাঁর বড় ভাই রজব আলীকে (৪৫) উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি (আব্বাছ) রজবকে লাঠি নিয়ে মারতে উদ্যত হন।

এ সময় রজব আলী ছোট ভাই আব্বাছকে প্রতিরোধ করার  জন্য একটি চোখা (ধারালো) লাঠি তাঁর (আব্বাছ) দিকে ছুড়ে দেন। লাঠিটি আব্বাছের গলার বাম পাশে বিঁধে যায়। এতে তাঁর গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি (আব্বাছ) ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই রজব আলী বাড়ি থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাছ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আহাম্মেদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আব্বাছ ও রজবের বড় ভাই জোনাব আলী (৫৫) বাদী হয়ে রজব আলীকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রজবকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।