বড় সরদার বাড়ি সংস্কার করছে ইয়ংওয়ান গ্রুপ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত বড় সরদার বাড়ি সংস্কার, পুনরুদ্ধার ও সংরক্ষণের প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রুপ। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে পুরাকীর্তি সংস্কার প্রকল্প এটিই প্রথম।
বাংলাদেশ সফরে আসা দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের দুই সদস্য লিন নায়ে হাইয়ুন ও চো ওয়ান জিন এবং ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত লি ওয়াইনইয়ং গতকাল বুধবার সকালে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বড় সরদার বাড়ি সংস্কার, পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদত, ইয়ংওয়ান করপোরেশনের নির্বাহী পরিচালক (অর্থ) জে এস ইয়ম।
প্রকল্পটির পরিচালক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে এই সংস্কারকাজ শুরু হয়েছে। শেষ হবে চলতি বছরের নভেম্বরে। দেড় শতাধিক কর্মী এই কাজে অংশ নিচ্ছেন।