বড় স্ত্রীর মামলায় ভোলায় বিচারিক হাকিম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় স্ত্রীর করা মামলায় ভোলার চরফ্যাশন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুর রব মিয়া গতকাল শনিবার রাত আটটার দিকে ভোলা শহরের হোমিও কলেজ রোডের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। ভোলা ও চরফ্যাশন থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ভোলা জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার ওই হাকিমের বড় স্ত্রী সানজিদা পলাশ ভোলার জেলা ও দায়রা জজ আদালতে আবদুর রব মিয়ার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, প্রশাসনিক বিভাগ থেকে প্রেষণে চরফ্যাশন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দায়িত্ব পাওয়া আবদুর রব মিয়া ১০ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ওমোপুর গ্রামের মহিউদ্দিনের ১৬ বছরের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন বিনা কাবিনে। ওই স্ত্রীকে নিয়ে ১৫ সেপ্টেম্বর রাতে চরফ্যাশন ডাকবাংলোয় থাকতে গেলে কয়েক শ মানুষের রোষানলে পড়েন। পরদিন পুলিশি পাহারায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
ওই দিন বিচারিক হাকিম আবদুর রব একাধিক সাংবাদিককে বলেন, তাঁর প্রথম স্ত্রীর ঘরে তিনটি মেয়ে আছে। ওই স্ত্রী আর সন্তান ধারণ করতে পারবেন না, এ জন্য একটি পুত্রের আশায় তিনি আবার বিয়ে করেছেন। এ জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে হাকিম বলেন, ‘অনুমতি চেয়েছি, কিন্তু পাইনি।’
বড় স্ত্রী সানজিদা পলাশের অভিযোগ, তাঁর স্বামী হাকিম আবদুর রব মিয়া তাঁর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি মামলা করলে আদালত আবদুর রব মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দ্বিতীয় স্ত্রী আসমা বেগমের মা মনোয়ারা বেগম বলেন, চরফ্যাশন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুর রব মিয়ার আদালতে তাঁদের বিরুদ্ধে তিনটি (সিআর ও জিআর) মামলা আছে। ওই সব মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভনে তিনি কাবিন ছাড়াই হাকিমের সঙ্গে মেয়ের বিয়ে দেন।
চরফ্যাশন আদালতের একাধিক আইনজীবী জানান, বিয়ের পরে সিআর মামলাটি নিষ্পত্তি হয়। ১৭ সেপ্টেম্বর বাকি দুটি জিআর মামলার সাক্ষ্য গ্রহণ করে ২৩ সেপ্টেম্বর যুক্তি-তর্ক ও শুনানির জন্য রাখা হয়। ওই দিন মামলা দুটি নিষ্পত্তি হতো।