বড়দিন সামনে রেখে গির্জা ঘিরে নিরাপত্তা জোরদার
খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। সম্প্রতি ঈশ্বরদী ও দিনাজপুরে দুই খ্রিষ্টান ধর্মযাজককে হত্যাচেষ্টা এবং আরও কয়েকটি স্থানে উগ্রপন্থীদের নামে নানাভাবে হুমকি আসায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক রয়েছে।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. নজরুল ইসলাম বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন সামনে রেখে গির্জাগুলোর নিরাপত্তা-সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি শুরু করেছে। ২৪ ডিসেম্বর বিকেল থেকে গির্জাগুলো ঘিরে পুলিশ মোতায়েন করা হবে। স্বেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি পুলিশিং চালু রাখা হবে। বড়দিনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহাল থাকবে।
ন্যাশনাল কাউন্সিল অব চার্চেসের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ দাস গতকাল বলেন, বড়দিন উদ্যাপনে গির্জা কর্তৃপক্ষও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আশা করছেন, নির্বিঘ্নে এবার বড়দিন উদ্যাপিত হবে।
ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক রণজিৎ বিশ্বাস বলেন, ইতিমধ্যে র্যাব ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা বড়দিন উদ্যাপনের নিরাপত্তা নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। নিরাপত্তা নিয়ে পুলিশ ও র্যাব নজরদারি শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি গির্জায় ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) ও গির্জার প্রবেশপথে আর্চওয়ে ও বসাতে অনুরোধ করেছে। সে অনুযায়ী গির্জা কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বড়দিন যাতে নির্বিঘ্নে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে র্যাব নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে। অনুষ্ঠানস্থলে ঢোকার পথে র্যাব নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করবে।