বড়দিনকে ঘিরে চট্টগ্রামের গির্জাগুলো উৎসবমুখর
বড়দিনকে ঘিরে চট্টগ্রাম নগরের গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ ২৫ ডিসেম্বর, শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বড়দিন পালনের প্রস্তুতি নিয়েছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাথরঘাটা ও জামালখান এলাকায় গিয়ে দেখা যায়, এই এলাকার গির্জাগুলো বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের ঘরে ঘরে এবং বড় বড় হোটেলে আলোকসজ্জার পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।
চট্টগ্রামে সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা ক্যাথলিক চার্চে গতকাল রাত সাড়ে নয়টা ও রাত ১২টায় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় আরেকবার প্রার্থনা অনুষ্ঠিত হবে।
গির্জা পরিচালনা কমিটির নেতারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার প্রার্থনা ফাদার টেরেন্স রড্রিক্স ও রাত ১২টার প্রার্থনা বিশপ মজেস কস্তা সিএসসির পরিচালনায় করার কথা রয়েছে। পাথরঘাটা ক্যাথলিক চার্চ ছাড়াও নগরের জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিজের সম্পাদক মানিক উইলভার ডি কস্তা বলেন, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পাথরঘাটা ক্যাথলিক চার্চে সব ধর্মের লোকজনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।