বড়পুকুরিয়া মামলা বাতিলে খালেদার আবেদনের রায় কাল
বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত ৩০ আগস্ট আবেদনটির ওপর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখা হয়। গতকাল আদালতের কার্যতালিকায় দেখা যায়, বৃহস্পতিবার আবেদনটিতে রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী এ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা কেন বাতিল করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত।
চলতি বছরের শুরুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রুলের ওপর শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। গত ৩০ আগস্ট রুল শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখেন আদালত।
এর আগে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গত সোমবার বড়পুকুরিয়া মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের আবেদনও হাইকোর্ট খারিজ করে দেন।