বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১২১০ নম্বর কোল ফেজের মজুদ শেষ হওয়ায় ১০ দিন ধরে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে নতুন ১২০৬ নম্বর ফেজ থেকে কয়লার উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কাজ চলছে।
মজুদ শেষ হওয়া ১২১০ ফেজের ব্যবহূত যন্ত্রপাতি সরিয়ে ১২০৬ নম্বর কোল ফেজে স্থাপন করে নতুন করে কয়লা উত্তোলন শুরু করতে আরও মাস খানেক সময় লাগতে পারে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।
খনি সূত্রে জানা গেছে, খনির কয়লা উৎপাদন বন্ধ থাকার বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি ফেজের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহূত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেজে স্থাপনের জন্য এক মাসেরও বেশি সময়ের প্রয়োজন। তা ছাড়া এ সময়ে ব্যবহূত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটিবিচ্যুতি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। এ জন্য কয়লার উৎপাদন সাময়িক বন্ধ থাকে।
গত ২৪ আগস্ট ১২১০ নম্বর কোল ফেজের মজুদ শেষ হয়। ওই ফেজ থেকে প্রায় চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।