বড়পুকুরিয়ায় পানির চাপে কয়লা তোলা বন্ধ চার মাস
দেশের একমাত্র উৎপাদনরত কয়লাখনি, দিনাজপুরের বড়পুকুরিয়া খনি চার মাস ধরে বন্ধ। মাত্রাতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করতে না পারায় গত ২০ জুন কয়লা তোলা বন্ধ করা হয়। নতুন করে উত্তোলন শুরু করতে আরও এক মাস লাগতে পারে বলে খনি কোম্পানির সূত্র জানিয়েছে।
এদিকে কয়লা উত্তোলন বন্ধ থাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, সেখানে দুটির মধ্যে একটি ইউনিটে এখন প্রতিদিন ৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে কয়লা উৎপাদন আরও বিলম্বিত হলে বিদ্যুৎ উৎপাদনও কমিয়ে দেওয়া হতে পারে।
বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানির (বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড—বিসিএমসিএল) সূত্র জানায়, জুন মাসে খনির ১২০৫ নম্বর ফেজে কাজ করার সময় প্রত্যাশিত পরিমাণের চেয়ে অনেক বেশি পানি প্রবাহিত হতে শুরু করে। খনির উৎপাদন ব্যবস্থাপনা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিশেষায়িত পেশাজীবীরাও পানির প্রবাহ ও চাপ নিয়ন্ত্রণে কার্যকর কিছু করতে পারেননি।
সূত্র জানায়, খনির ওই স্থানে অবস্থিত কোনো ভূ-চ্যুতি (জিওলজিক্যাল ফল্ট) অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠায় পানির প্রবাহ ও চাপ এতটাই বেড়ে যায় যে খনির পাম্পগুলো দিয়ে তা বের করে দেওয়া বা চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এ ধরনের ঘটনা কয়লাখনিতে ঘটা অস্বাভাবিক নয়। এটিকে একটি কারিগরি সমস্যা হিসেবে দেখা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিসিএমসিএলের মহাব্যবস্থাপক (মাইনস) হাবিবউদ্দিন আহমেদ গত সোমবার প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর নতুন একটি ফেজ (১২১২ নম্বর) থেকে কয়লা তোলার উদ্যোগ নেওয়া হয়। নতুন ওই ফেজের উন্নয়নকাজ শেষ হয়েছে। এখন সেখানে যন্ত্রপাতি বসানো হচ্ছে। আগামী মাসের মধ্যে সেখান থেকে কয়লা উত্তোলন শুরু হবে।
বড়পুকুরিয়া কয়লাখনি উন্নয়নের জন্য সমীক্ষা পরিচালনাকারী জার্মান প্রতিষ্ঠান আরডব্লিউএম তাদের প্রতিবেদনে বলেছিল, বড়পুকুরিয়ার ভূতাত্ত্বিক অবস্থা অত্যন্ত জটিল। সেখানে সুড়ঙ্গপদ্ধতির খনি করলে ১৫ শতাংশের বেশি কয়লা তোলা সম্ভব হবে না। তার ওপর নানা ধরনের দুর্ঘটনারও আশঙ্কা থাকবে।
উন্নয়নের একপর্যায়ে পানির প্রবাহে পুরো খনি তলিয়ে গিয়েছিল। পরে নতুন নকশা করে খনি উন্নয়ন সম্পন্ন করতে পাঁচ বছর সময় বেশি লাগে। এর পরও বিভিন্ন সময় বিষাক্ত গ্যাস নিঃসরণসহ নানা দুর্ঘটনায় বিদেশি বিশেষজ্ঞসহ কয়েকজন নিহত হন। ২০০৫ সাল থেকে দীর্ঘদিনের পুরোনো ‘লং ওয়াল’ পদ্ধতিতে কয়লা তোলা শুরু করা হয়।
প্রাথমিকভাবে প্রতিবছর ১০ লাখ টন কয়লা তোলার লক্ষ্য নির্ধারিত ছিল। কিন্তু ওই লক্ষ্য অর্জিত হয়নি। বছরে ছয় থেকে আট লাখ টনের মধ্যে উত্তোলন সীমাবদ্ধ ছিল। এরপর গত বছর থেকে নতুন ‘লং ওয়াল টপ কোল কেইভিং (এলটিসিসি)’ পদ্ধতিতে কয়লা তোলা শুরু করা হয়। তাতে উত্তোলনের পরিমাণ বেড়েছে বলে কোম্পানির সূত্র জানায়।
বিসিএমসিএলের কর্মকর্তারাও বলছেন, অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক পরিবেশ বিবেচনায় বড়পুকুরিয়া পৃথিবীর সবচেয়ে জটিল খনিগুলোর একটি। এই খনির কয়লার স্তর প্রায় ৩৬ মিটার পুরু, যা ১২ তলা ভবনের সমান। শুরুতে এই কয়লাস্তরের মাত্র তিন মিটার কেটে আনা হচ্ছিল। নতুন পদ্ধতিতে ছয় মিটার করে কেটে আনার কথা থাকলেও তা আনা যাচ্ছে না।
বড়পুকুরিয়া খনিতে কয়লার মজুত প্রায় ৩৯ কোটি (৩৯০ মিলিয়ন) টন। খনি প্রকল্পে দেশীয় জনবল উন্নয়নের বিধান রাখা হয়েছিল। কিন্তু প্রায় ১০ বছর পর, এখনো ভূগর্ভে খনির মূল কাজ করেন চীনারা। তাদের সংখ্যা প্রায় ৩০০ জন। এ ছাড়া খনি ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের কাজও করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের কাজ তত্ত্বাবধানের জন্য আছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান আইএমসি।