বড়পুকুরিয়ায় আবার কয়লা উত্তোলন শুরু
দেড় মাস ধরে কয়লা উত্তোলন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে বড়পুকুরিয়ায় পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুরুতে ট্রায়াল অ্যান্ড এরোর পদ্ধতিতে কয়লা উৎপাদন করায় এখন স্বাভাবিক উৎপাদনে যেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।
খনির উৎপাদনশীল ১২০৮ নম্বর কোল ফেজের কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় গত বছরের ২২ নভেম্বর বড়পুকুরিয়া থেকে কয়লা তোলা বন্ধ হয়ে যায়। ১২০৮ নম্বর ফেজের উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১২০৫ নম্বর ফেজে স্থাপন করে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করতে দেড় মাস পেরিয়ে যায়।
বড়পুকুরিয়া খনির মহাব্যবস্থাপক (মাইনিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বলেন, ১২০৫ নম্বর কোল ফেজটিতে উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ ৪ লাখ থেকে ৫ লাখ মেট্রিক টন। ২০১৪ সালের এপ্রিল মাসের শেষে এ ফেজ থেকে পরীক্ষামূলক কয়লা উৎপাদন শুরু হয়। কিন্তু ১০ মে খনিতে পানিপ্রবাহ অস্বাভাবিক বেড়ে গেলে কয়লা তোলা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে খনিগর্ভে স্থাপিত উচ্চ ক্ষমতার ১৩টি পাম্প দিনরাত চালু রেখে ভূগর্ভের পানি ভূপৃষ্ঠে তুলে ফেলেও পানিপ্রবাহ বন্ধ করতে না পারায় ১২০৫ নম্বর কোল ফেজটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম পরিত্যক্ত কোল ফেজটি পরিদর্শন করে এর পানিপ্রবাহ নিয়ন্ত্রণে আনেন। পরে তারা এখান থেকে আবার কয়লা উত্তোলনের সুপারিশ করেন।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, বর্তমানে কয়লা উত্তোলনকাজ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহ খানেকের মধ্যে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে।