বড়পুকুরিয়ায় দুটি পিস্তলসহ দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় গতকাল রোববার দুটি বিদেশি পিস্তলসহ দুই তরুণকে আটক করেছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় অস্ত্রধারীদের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয়ে লোকমান হোসেন (৪৫) নামের একজন পথচারী আহত হন।
থানার ওসি মো. নাসিরউদ্দিন মণ্ডল জানান, ওই দুই তরুণ মোটরসাইকেলযোগে ফুলবাড়ী শহর থেকে বড়পুকুরিয়া কয়লাখনি হয়ে পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন। কয়লাখনি অতিক্রমের সময় তাঁদের গতিবিধি দেখে পুলিশ ফাঁড়ির সদস্যদের সন্দেহ হলে তাঁরা মোটরসাইকেলটিকে থামতে বাধ্য করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তরুণ পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশ ওই দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
আটক তরুণেরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জের সবুজপাড়া গ্রামের মোমিনুল ইসলাম (৩৫) ও বানিয়াপাড়া গ্রামের ফারুক হোসেন (২৫)।