বড়মাছুয়া স্টিমার ঘাট ভাঙনের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদের ভাঙনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া স্টিমার ঘাটটি বিলীন হতে চলেছে। ইতিমধ্যে পন্টুনে যাতায়াতের বেইলি সেতুটি নদীর তীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘাটের তত্ত্বাবধায়ক (টিএস) ফজলুল হক বলেন, প্রতিদিন ২০০-২৫০ জন যাত্রী এ ঘাট থেকে স্টিমারে করে ঢাকা, চাঁদপুর, বরিশালসহ আটটি পথে যাতায়াত করে। বিশেষ করে মঠবাড়িয়ার সঙ্গে ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌপথে যাতায়াতে যাত্রীরা স্টিমারের ওপর নির্ভরশীল। যাত্রীসংখ্যার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ঘাট রক্ষা করা না হলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে।
গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর নদের ভাঙনের ফলে স্টিমার ঘাটের পন্টুনের (জেটি) সঙ্গে নদীপাড়ের সংযোগের বেইলি সেতুটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে যাত্রী ও মালামাল ওঠানো-নামানোর জন্য বেইলি সেতুর সঙ্গে কাঠের সিঁড়ি দিয়ে ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, খেজুরবাড়িয়া থেকে চরভোলমারা পর্যন্ত ছয় কিলোমিটারজুড়ে বলেশ্বর নদের তীর প্রতিনিয়ত ভাঙছে। ভাঙন রোধ করা না গেলে বেড়িবাঁধ, স্টিমার ঘাট, বাড়িসহ কোনো স্থাপনা টিকানো যাবে না। ঘাটশ্রমিক আনসার মিয়া (৫০) জানান, বলেশ্বর নদের ভাঙনের কারণে স্টিমার ঘাট কয়েকবার সরাতে হয়েছে। গত দুই দশকে এ নদের করাল গ্রাসে কয়েক হাজার একর ফসলি জমি ও বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ‘সিডর প্রকল্প’র আওতায় বড়মাছুয়া স্টিমার ঘাটে নতুন পন্টুন স্থাপন করে। ২০১০ সালে পন্টুনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর এক বছর যেতে না-যেতেই বলেশ্বর নদের ভাঙনের ফলে ঘাটটি হুমকির মুখে পড়ে। বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন শওকত সরদার বলেন, জরুরি ভিত্তিতে পাউবো বলেশ্বর নদ শাসনের উদ্যোগ না নিলে ভাঙনকবলিত ঘাটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
পাউবো পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ জানান, পাউবোর কারিগরি দল বলেশ্বর নদের ভাঙনকবলিত এলাকা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে।