মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রায় তিন হাজার ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ফসল ও সবজিখেত। একই রাতে সিলেটে ঝড়ে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়েছে এবং বেশ কিছু কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
বড়লেখা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে কাঁচা এবং আধাপাকা ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। শিলাবৃষ্টিতে অনেক ঘরের পুরোনো টিনের চালে অসংখ্য ফুটো সৃষ্টি হয়ে ঝাঁজরা হয়ে গেছে। গতকাল শনিবার অনেককে ঘর মেরামত করতে দেখা গেছে। ঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে। উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারসাইল, করমপুর, ইসলামপুর, আতুয়া, সায়পুর, আলিমপুর, বুগা, চানপুর গ্রামে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী বড়াইল, আতুয়া ও কুমারসাইলে তিন শতাধিক বরবটি ও ঝিঙাখেত শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
বড়াইল গ্রামের সবজিচাষি বদরুল আলম গতকাল শনিবার বলেন, তাঁর রামাই (বরবটি) খেতে ৪০ হাজার টাকা খরচ হয়েছিল। ঋণ করে বরবটি চাষ করেছেন। প্রতিবারের মতো আশা করেছিলেন, খেত থেকে দুই-আড়াই লাখ টাকার রামাই বিক্রি করতে পারবেন। এখন শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন।
কুমারসাইল চা-বাগানের বড় টিলাবাবু (চা-বাগানের একটি পদবি) সাধন দেব জানিয়েছেন, কুমারসাইল চা-বাগানের শ্রমিক লাইনের ৪২টি ঘর বিধ্বস্ত হয়েছে। চা-গাছেরও ক্ষতি হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকবর আলী জানিয়েছেন, ৩৫-৪০ বছরেও তাঁর এলাকায় এ রকম শিলাবৃষ্টি হতে কেউ দেখেননি। বিভিন্ন গ্রামে ক্ষয়ক্ষতির খোঁজ নেওয়া হচ্ছে। অন্তত দুই হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ, দোহালিয়া, পূর্ব দক্ষিণভাগ, যুঁথির বন, পাথারিয়া ও সমনবাগ চা-বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি, কেরামতনগর চা-বাগান এবং উত্তর সুজানগর, বর্নি, নিজবাহাদুরপুর, তালিমপুর, দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামেও ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঝড়ে দুই থেকে তিন হাজার ঘর বিধ্বস্ত হয়েছে। এতে নিম্ন আয়ের গরিব মানুষেরই বেশি ক্ষতি হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় আমরা সংশ্লিষ্ট এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। ডিসি স্যারের সাথে আলাপ হয়েছে। আগামীকাল (আজ রোববার) হয়তো বড় ধরনের একটি সহযোগিতা পাব। লোকজনকে সহযোগিতা করা যাবে।’
গত শুক্রবার রাত ১২টার পর থেকে কয়েক দফা শিলাবৃষ্টিসহ ঝড়ে সিলেট নগর ও শহরতলির বেশ কিছু গাছ উপড়ে যায় এবং কাঁচা ঘরও বিধ্বস্ত হয়। গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ঝড়ে নগরের উপশহর, বালুচর, শাহি ঈদগাহ, হাওলাদারপাড়া, করেরপাড়া, নতুনবাজার এবং শহরতলির খাদিমনগর বিসিক শিল্প এলাকাসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়েছে। গাছ উপড়ে যাওয়া ছাড়াও নগরের শাহি ঈদগাহ এলাকার লালটিলা বস্তি এবং সদর উপজেলার লাক্কাতুরা, এয়ারপোর্ট এলাকায় বেশ কিছু কাঁচা বাড়ি ধসে পড়েছে। সিলেট সদর উপজেলার বহর ইউনিয়ন ভূমি কার্যালয়ের টিনের চালও উড়ে গেছে। ওই কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা মো. আসবাহ উদ্দিন জানান, ঝড়ে চাল উড়ে যাওয়ায় বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাঈদ জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। আরও কয়েক দিন আবহাওয়ার এ রকম পরিস্থিতি থাকবে।