বড়লেখা শহর যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাসিন্দাদের অসহনীয় যানজট থেকে মুক্ত রাখতে সড়কের ওপর বসানো অবৈধ দোকানপাট, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে ওই অভিযান শুরু করেছে।
গতকাল শনিবার সকাল থেকে শহরের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ এলাকা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পৌর মেয়র, পৌর কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বড়লেখা পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কের বড়লেখা পৌর এলাকায় সড়কের ওপর দুই পাশে মৌসুমি ফল, মৌসুমি সবজিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান বসান ব্যবসায়ীরা। সড়কের মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে শহরের মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ২২ ফেব্রুয়ারি বড়লেখা পৌরসভার উদ্যোগে বড়লেখা পৌরসভা, বড়লেখা থানা-পুলিশ, বড়লেখা সদর ইউনিয়ন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতি, পিকআপ ভ্যান মালিক সমিতি এবং ইজারাদার কর্তৃপক্ষের এক যৌথ সভা হয়। সভায় শহরকে যানজটমুক্ত করতে রাস্তার ওপর বসা দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল থেকে অভিযান শুরু করা হয়।