বড়লেখায় কোদালের আঘাতে নিহত ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কোদালের আঘাতে গতকাল বৃহস্পতিবার রহিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিশুদের ঝগড়া নিয়ে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে রহিম উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এ সময় আরও কয়েকজন বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে একজন রহিমের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এরপর তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘একেবারে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ায় বড়রাও জড়িয়ে পড়েন।’ তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।