বড়লেখায় টিলা ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগানে টিলা ধসে শিশুসহ একই পরিবারের তিন সদস্য মারা গেছেন। গত শুক্রবার রাতে ঝড়বৃষ্টির সময় ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে ঘরটি চাপা পড়লে এই তিনজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন চা-শ্রমিক রাজেশ বাউরি (৩৫), তাঁর স্ত্রী মঞ্জু বাউরি (৩০) ও এক বছরের শিশুকন্যা সীমা বাউরি। গতকাল শনিবার সকালে বড়লেখা থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন৷
পুলিশ, ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনো একসময় শাহবাজপুর চা-বাগানের মন্দিরের পাশে উঁচু টিলার ঢালুতে থাকা রাজেশ বাউরির টিনের চাল ও বাঁশের বেড়ার ঘরটির ওপর টিলা ধসে পড়ে। এতে তিনজন মাটির নিচে চাপা পড়েন। গতকাল শনিবার সকাল আটটার দিকে বড়লেখা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কেটে এই চা-শ্রমিক দম্পতি ও তাঁদের শিশুকন্যাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘরের পাশেই টিলার মাটি কেটে নেওয়া হয়েছে। যে কারণে স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল।
বড়লেখা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, আজ (শনিবার) সকাল আট থেকে সাড়ে আটটা পর্যন্ত মাটি কেটে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন টিলা ধসে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। এতে পাহাড় ধসে পড়ে।