বড়াইগ্রামে আমবাগানে যুবকখুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আমবাগান পাহারা দিতে এসে মিন্টু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার জুয়াড়ি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মিন্টু উপজেলার দিয়াড়পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, মিন্টু মঙ্গলবার রাত আটটায় পাশের জুয়াড়ি গ্রামে একটি আমবাগান পাহারা দিতে যান। গতকাল বুধবার সকালে এলাকাবাসী ওই বাগানের একটি খুপরিতে তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মিন্টুর মা রিজিয়া বেওয়া বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন শ্বাস রোধ করে মিন্টুকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।