বড়াইগ্রামে ওএমএসের চাল বিক্রি বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিবহন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে গত বৃহস্পতিবার থেকে সরকারের নির্ধারিত সুলভমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি বন্ধ রয়েছে।
ওই কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন এক ঠিকাদার। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, নিম্নমানের চাল খালাস করতে না দেওয়ায় ঠিকাদার তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বড়াইগ্রামের জন্য পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্যগুদাম থেকে ওএমএসের ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত বুধবার সকালে দুই ট্রাক চাল বড়াইগ্রামের বনপাড়া গুদামে আসে। তবে এ চাল খালাস করতে দেওয়া হয়নি। পরে ট্রাক দুটি আবার ফিরে যায়। এ ঘটনায় ওই দিন বিকেলে পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম আমার কাছে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশানুল কাওছারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এতে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। রওশানুলকে সরানো না হলে ঠিকাদারেরা চাল পরিবহন করবেন না বলেও অভিযোগে হুঁশিয়ারি দিয়েছেন।’
ঠিকাদার শাহ আলম বলেন, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত হারে চাঁদা না পাওয়া পর্যন্ত ট্রাক থেকে চাল নামানোর অনুমতি দেন না। ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এভাবে চাল পরিবহন করা যাবে না। এ কারণে তাঁর অপসারণ দাবি করা হয়েছে। অভিযোগটির অনুলিপি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।
মাঝগাঁও ইউনিয়নের ওএমএস চালের ডিলার আবু বকর সিদ্দিক ও বনপাড়া পৌরসভার হারুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার থেকে চাহিদাপত্রের (ডিও) বিপরীতে গুদাম থেকে চাল সরবরাহ করা হচ্ছে না। ফলে তাঁরাও স্বল্প আয়ের মানুষের কাছে সুলভমূল্যে চাল বিক্রি করতে পারছেন না। এতে গরিব মানুষের ভোগান্তি বেড়েছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) রওশানুল কাওছার বলেন, ‘মুলাডুলি গুদামের নিম্নমানের চাল আমি খালাস করতে না দেওয়ায় ঠিকাদারেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। ভালো চাল এলেই ওএমএস অব্যাহত থাকবে।’
জানতে চাইলে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।