নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক ভুয়া চিকিৎসকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভুল চিকিৎসায় এক প্রসূতি মারা যাওয়ার অভিযোগে হওয়া মামলায় গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
ওই ভুয়া চিকিৎসকের নাম তুহিন আলী (৩৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ছায়াপথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। তাঁর বাড়ি উপজেলার রাজাপুর এলাকায়। মারা যাওয়া প্রসূতির নাম ঝুমা খাতুন (২০। তিনি রাজাপুরের পাশের দৌলতপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের হাশেম আলীর স্ত্রী।
নিহতের স্বামী হাশেম আলী অভিযোগ করেন, তুহিন নিজে এক সেবিকাকে সঙ্গে নিয়ে তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন। ভর্তির সময় তিনি (তুহিন আলী) নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। ভুল অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসায় অবহেলা করেন। এতে তাঁর স্ত্রীর মৃত্যু হয়।
তুহিন আলী গতকাল মঙ্গলবার আদালতে বসে দাবি করেন, তিনি ওই ক্লিনিকের একজন কর্মচারী মাত্র। তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেননি বা অস্ত্রোপচারও করেননি।
তবে এই ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আবদুল মান্নান জানান, তুহিন এলাকায় তুহিন ডাক্তার হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে আর কে কে জড়িত তা জানার জন্যই তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বড়াইগ্রামের ছায়াপথ ক্লিনিকের পরিচালক তুহিন আলীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন এসআই আবদুল মান্নান। এ সময় তিনি আদালতকে জানান, তুহিন আলী নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার করে আসছিলেন। গত রোববার ভুল অস্ত্রোপচার করলে ঝুমা খাতুনের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ লোকজন ওই ক্লিনিকে ভাঙচুর চালায়। পরে নিহতের স্বামী হাশেম আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামসুল আল আমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।