বড়াইগ্রামে মহিলা বিশ্ব ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবমবারের মতো তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
ইজতেমায় আসা অতিথিদের বিশেষ নিরাপত্তার জন্য সাদা পোশাকের গোয়েন্দা ও নারী পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইজতেমার প্রথম দিনে সকাল ১০টায় মূল আলোচক হিসেবে পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও বগুড়ার রাবেয়া বসরী জাতীয়, পারিবারিক ও ব্যক্তিজীবনে নারীদের পবিত্র কোরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে বয়ান করেন। এ ছাড়া নাটোরের মাওলানা আবদুল মোতালেব ও হাফেজ মাহফুজুর রহমান বয়ান করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক সোহরাব হোসেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সমাপনী দিনে নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধলক্ষাধিক নারীর সমাগম ঘটবে বলে আশা করছেন ইজতেমার আয়োজক শের আলী শেখ।
বড়াইগ্রামের ইউএনও মোসা. শরীফুন্নেসা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যতিক্রমী এ ইজতেমা যেন সার্বিকভাবে সফল হয়, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে।