বড়াইগ্রামে সব বই পায়নি প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো অধিকাংশ নতুন বই পায়নি। বই উৎসবের এক সপ্তাহ পার হলেও বিদ্যালয়গুলোতে নতুন বই না আসায় শিক্ষার্থী ও অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ৫০টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এসব বিদ্যালয়ের পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা চারটি করে নতুন বই পেয়েছে। এখনো দুটি করে বই তারা হাতে পায়নি। সব কটি বই পেয়েছে শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীরা। বই না পাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে এলেও তাদের ক্লাস শুরু করা যায়নি।
রয়না ভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন জানায়, তারা প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু বইয়ের অভাবে ক্লাস না হওয়ায় খেলাধুলা করে বাড়ি ফিরে আসছে। বাজিতপুর গ্রামের অভিভাবক সাইফুল ইসলাম বলেন, ‘ছেলেমেয়েরা প্রতিদিনই বই আনতে স্কুলে যাচ্ছে। কিন্তু তাদের বই দেওয়া হচ্ছে না। কবে বই দেওয়া হবে, তাও জানানো হচ্ছে না।’
এ ব্যাপারে আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম জানান, তাঁরা প্রতিদিনই উপজেলা শিক্ষা কার্যালয়ে বইয়ের জন্য খবর নিচ্ছেন। কিন্তু বই সেখানেও আসেনি। কবে আসবে, তা সঠিক করে কেউ বলতেও পারছেন না। এ কারণে শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হচ্ছে। বই পাওয়া মাত্র বিতরণ করা হবে। কিছু ক্লাসের দু-একটি বই এলেও তা তাঁরা নিয়ে আসছেন না। কারণ, বারবার বই নিয়ে আসা তাঁদের জন্য ঝামেলার ব্যাপার।
বড়াইগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মুনীরা কিছু কিছু শ্রেণির বই না পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা প্রতিনিয়ত নতুন বইয়ের জন্য খোঁজখবর নিচ্ছি। বই পাওয়া মাত্র বিদ্যালয়গুলোতে পৌঁছানো হবে।’