বড়াল নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু, বসতবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় আবদুল আওয়াল ওরফে রাজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বড়াল নদ থেকে বালু তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ তাঁকে সহযোগিতা করছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে প্রায় দেড় শ গজ দূরে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। এই বালু নদের দক্ষিণ পাশে স্তূপ করে রাখা হচ্ছে। এ সময় কর্তব্যরত তিন-চারজন শ্রমিক জানান, পাশের বেগুনিয়া গ্রামের আবদুল আওয়াল তাঁদের বালু তোলার কাজে নিয়েছেন। সেখান থেকে ঠিক উল্টো দিকে নদের উত্তর পাশে তমালতলা কৃষি ও কারিগরি কলেজ। ওই কলেজের নির্মাণাধীন একটি ভবনে বালু সরবরাহ করার জন্য সেখানকার অধ্যক্ষ মাজেদুর রহমানের ব্যক্তিমালিকানাধীন একটি খালে প্রায় তিন লাখ ঘনফুট বালু স্তূপ করে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক জানান, নদের মাঝে ২০ ফুট গভীর ও ১৫ ফুট চওড়া করে বালু ওঠানো হচ্ছে। এর মধ্যে তাঁরা প্রায় পাঁচ লাখ ঘনফুট বালু তুলেছেন। এতে আগামী বর্ষায় নদের তীর ধসে পড়বে। এ কারণে কয়েক শ বিঘা আবাদি জমি, বাঁশবাগান ও ফলের বাগান ভাঙনের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আট দিন ধরে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

গত বুধবার বিকেলে আবদুল আওয়াল  বলেন, তমালতলা কৃষি কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমানের চাহিদা অনুযায়ী তাঁর সহযোগিতায় বালু ওঠানো হচ্ছে। তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।

বাগাতিপাড়ার বাসিন্দা ও নাটোর জজ আদালতের আইনজীবী সোহেল রানা বলেন, শিক্ষক হত্যা মামলায় আদালত আবদুল আওয়ালকেযাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এখন জামিনে রয়েছেন। তিনি আরও জানান, বালু তোলার কারণে বড়ালের দুই তীরের অন্তত ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে তমালতলা কৃষি ও কারিগরি অনার্স কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, কলেজে অবকাঠামোর জন্য বালু দরকার ছিল। এ ব্যাপারে প্রশাসন লিখিত অনুমোদন দেয়নি। প্রয়োজনের তাগিদে স্থানীয় যুবকেরা বালু তুলছেন। তাঁরা শুধু বালু কিনে নিচ্ছেন। তাঁর নিজের জমিতে বালু রাখার বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, ছেলেরা জমি ইজারা নিয়ে বালু রেখেছে। কলেজের কাজেই একসময় ওই জমি থেকে মাটি তোলা হয়েছিল।

বাগাতিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাহ্‌ উদ্দিন জানান, বালু তোলার বিষয়ে অধ্যক্ষ তাঁর সঙ্গে আলাপ করেননি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, বালু উত্তোলনের স্থানে তমালতলা সড়কসেতু রয়েছে। এটি পাশের উপজেলার সঙ্গে বাগাতিপাড়াকে সংযুক্ত করেছে। বালু তোলার কারণে সড়কসেতুটি ক্ষতিগ্রস্ত হবে।