বড়ালের বাঁধ অপসারণ শুরু এলাকাবাসীর উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার নূর নগর ঘাট এলাকায় বড়াল নদের অবৈধ বাঁধ অপসারণের কাজ গতকাল শুরু করে পাউবো। এর উদ্বোধন করেন পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা l প্রথম আলো
পাবনার চাটমোহর উপজেলার নূর নগর ঘাট এলাকায় বড়াল নদের অবৈধ বাঁধ অপসারণের কাজ গতকাল শুরু করে পাউবো। এর উদ্বোধন করেন পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা l প্রথম আলো

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মুখে পাবনার চাটমোহর উপজেলায় বড়াল নদের আড়াআড়ি বাঁধ অপসারণের কাজ গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ কাজে এতে স্থানীয় লোকজন আনন্দ-উল্লাস প্রকাশ করেন। অনেকে মিষ্টি বিতরণ করেন।
সকাল ১০টার দিকে পাউবোর পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম উপজেলার নূর নগর ঘাট এলাকায় অবস্থিত বাঁধটির মাটি কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফ মাহমুদ, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে পাউবোর শ্রমিকেরা বাঁধপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাটি কাটা শুরু করেন।
এরপর থেকে শুরু হয় বড়ালপারের বাসিন্দাদের আনন্দ-উল্লাস। অনেকে তাৎক্ষণিক উপস্থিত লোকজন ও গ্রামবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেন।
পাউবোর জেলা কার্যালয় ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮০ সাল পর্যন্ত বড়াল সচল ছিল। ১৯৮১ সালে রাজশাহীর চারঘাটে পদ্মা থেকে বড়ালের উৎসমুখে পাউবো একটি জলকপাট নির্মাণ করে। এতে বড়ালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। পরের বছর নদের অপর দিকে ভাঙ্গুড়া উপজেলার সীমান্ত এলাকা দহপাড়ায় গুমানী নদী থেকে বড়ালের উৎসমুখে আরও একটি জলকপাট নির্মাণ করা হয়। এতে দুদিক থেকে বড়াল আটকে যায়। নদে পানিপ্রবাহ কমে নৌযান চলাচল ব্যাহত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা পারাপারের জন্য নদের ওপর একটি সেতু তৈরির দাবি তোলেন। কিন্তু চাটমোহর উপজেলা পরিষদ সেতু তৈরি না করে নদে আড়াআড়ি বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে একে পৌর এলাকার নতুনবাজার খেয়াঘাট, বোথর খেয়াঘাট, বিলচলন ইউনিয়নের রামনগর ও গুনাইগাছা এলাকায় নদে আড়াআড়ি চারটি বাঁধ দেওয়া হয়। এতে ২২০ কিলোমিটার দীর্ঘ বড়াল নদ পরিণত হয় বদ্ধ জলাশয়ে। ব্যাহত হতে থাকে নদের দুই পাশে চলনবিল অঞ্চলের চাষাবাদ। এ পরিপ্রেক্ষিতে বড়ালপারের বাসিন্দারা ২০০৮ সালে বড়াল রক্ষার আন্দোলন শুরু করে। গঠন করা হয় ‘বড়াল রক্ষা আন্দোলন কমিটি’।
পরবর্তী সময়ে এই কমিটির আহ্বানে বড়াল থেকে বাঁধ ও জলকপাট অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্মারকলিপি পেশসহ একের পর এক কর্মসূচি পালন করা হয়।
জানতে চাইলে পাউবো পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা বাঁধ ও জলকপাটগুলো অপসারণের মধ্য দিয়ে বড়ালকে রক্ষার কাজ শুরু করলাম। অন্য বাঁধগুলো এলজিইডি অপসারণ করবে। ইতিমধ্যেই এলজিইডি কর্তৃপক্ষ বাঁধগুলো অপসারণ করে সেতু নির্মাণের প্রকল্প তৈরি করেছে। আশা করছি, খুব শিগগিরই সব বাঁধ অপসারণ হয়ে বড়াল মুক্ত হবে।’