বণিক সমিতি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সাজা মওকুফ করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে সমিতির উদ্যোগে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে।বণিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা মওকুফ করে অবিলম্বে রফিকুলের মুক্তির দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করেছি। বাজারের প্রায় চার শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে ওই মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঞ্চারকলিপি দিয়েছি। সাজা দেওয়ার প্রতিবাদে শনিবার দুপুর থেকে বাধাল বাজারের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।’বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওই ব্যবসায়ী নেতাকে সাজা দেওয়া হয়েছে। প্রচলিত আইনে তাঁর বিচার করা হয়েছে। সাজা মওকুফের কোনো সুযোগ নেই। বণিক সমিতির নেতাদের বাধাল বাজারের বন্ধ রাখা দোকানপাট খুলে দিতে বলা হয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ গোপাল বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি, বেঞ্চ সহকারী তালুকদার বদিউজ্জামানকে মারধর ও পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।