বথুয়াবাড়ী বেইলি সেতুর পাটাতন ফের দেবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীর ওপর বথুয়াবাড়ী বেইলি সেতুর পাটাতন ফের দেবে গেছে। এতে সোমবার সকাল আটটা থেকে বগুড়া সদরের সঙ্গে সাতটি রুটের সরাসরি যান-চলাচল বন্ধ রয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে ১৪০ মিটার দৈর্ঘ্য বেইলি সেতু নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেতুর ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হয়ে যায়। এর পরও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়ে যান-চলাচল করতে থাকে। সোমবার সকাল সাতটায় সেতুর মাঝপথে তিনটি পাটাতন দেবে যায়। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, বথুয়াবাড়ী বেইলি সেতুর পরিবর্তে সেখানে আরসিসি সেতু নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ঠিকাদার সেতুর পাশে বিকল্প রাস্তা তৈরি করছে। এ ছাড়া নদী পারাপারের জন্য ফেরির ব্যবস্থা করা হয়েছে।