বদনাম কম এমন প্রার্থীকে মেয়র পদে চায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কেমন প্রার্থী চান, এমন প্রশ্নের জবাবে তৃণমূলের ভোটাররা জানিয়েছেন, ‘বদনাম কম এমন প্রার্থীকে মেয়র পদে চায় নগরবাসী।’ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলে ওই তথ্য পাওয়া গেছে। নগরের রেসকোর্স এলাকার কর্মজীবী গৃহবধূূ আমেনা বেগম জানান, মেয়র পদে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের অনেকেরই ভাবমূর্তি ভালো নয়। তারপরও একজনকে বেছে ভোট দেব।’রেসকোর্স পুরাতন পাসপোর্ট অফিসসংলগ্ন চা-বিক্রেতা ফরিদ মিয়া বলেন, ‘যিনি রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন, নালা পরিষ্কার রাখবেন এবং গুন্ডাপান্ডা সৃষ্টি করবেন না, তাঁকে ভোট দেব।’বাগিচাগাঁও এলাকার একটি বাসায় গৃহকর্ত্রীর কাজ করেন মাজেদা খাতুন। তিনি বলেন, ‘হুনছি ভেজাল লোকেরা খারাইছে, তার মধ্যে যেইডা ভালো হেরে ভোট দিমু।’দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা কাউসার আহমেদ বলেন, ‘পারিবারিক বদনাম নেই, এমন প্রার্থীকে মেয়র পদে ভোট দেব। এলাকার রাস্তাঘাট যিনি ঠিক করবেন, তাঁর প্রতি আমাদের সমর্থন থাকবে।’কান্দিরপাড়ের পান দোকানদার আবদুল আউয়াল বলেন, ‘যিনি সন্ত্রাসী বাহিনী পালবেন না, তাঁকে ভোট দিমু।’বিসিক শিল্পনগরের একটি কারখানার কর্মচারী আক্তার হোসেন বলেন, ‘ভোটের পর শান্তিতে আসা-যাওয়া করতে পারি, এমন লোককে মেয়র পদে ভোট দেব।’ঝাউতলা এলাকার নির্মাণশ্রমিক সাদেক মিয়া বলেন, ‘যাঁরা চাঁদাবাজি করবেন না, তাঁদের ভোট দেব।’আদালত এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘হেরোইন বিক্রেতা ও দাগী লোকদের ভোট দেব না।’দিগম্বরীতলার গৃহবধূ তাহমিনা আক্তার বলেন, ‘রাজনীতি করতে গেলে, সব নেতারই দোষ-ত্রুটি থাকে। এর মধ্যে অপেক্ষাকৃত বদনাম কম এমন লোককে মেয়র পদে ভোট দেব।’প্রসঙ্গত আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে তৃণমূলের ভোট রয়েছে ৬০ শতাংশ। ওই ভোটারদের মধ্যেও মেয়র প্রার্থীদের নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। ওই নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত ১৫ জন মনোনয়নপত্র নিয়েছেন।