বদনাম হয় এমন কিছু না করতে ছাত্রলীগকে জয়ের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের বদনাম হয় এমন কিছু না করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি সংগঠনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে পুলিশের সহায়তা নেওয়ার জন্যও তাদের পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার গণভবনে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে জয় বলেন, ‘শিক্ষা থাকলে তোমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। শিক্ষা থাকলে কোনো দিন অভাব হবে না, কারও কাছে হাত পাততে হবে না। শিক্ষা থাকলে নিজের পায়ে দাঁড়াতে পারবে, চাঁদাবাজি করার প্রয়োজন হবে না।’
যারা শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি, সন্ত্রাস করে তাদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দেন জয়। সংগঠনের সূত্র জানায়, পরে ছাত্রলীগ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জয়। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সিদ্দিকী নাজমুল আলম।