বদরগঞ্জ, তারাগঞ্জে চাষিদের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুঁই (মাটি) খুঁড়ি যখন বেরকাওচি তখন আলু আর আলু। দেখিয়া মনটা ভরি যায়। কিন্তুক বেচার কথা যখনে ভাবোচি বুকটা মোচড় দিয়া ওঠোচে। বাজারোত দাম নাই। থুইয়া বেচাইমেন তারো বুদ্ধি নাই। স্টোরোত আলু নেওয়া শুরুই করে নাই, তাও ফির কওচে জাগা নাই। তোরায় কনতো, এতো আলু কোনটে থুই, কি করি? বাজারোত বেচাইলে যে আদেকের বেশি (অর্ধেক) ক্ষতি হওচে।’ চোখেমুখে বিষাদের ছায়া নিয়ে কথাগুলো বলছিলেন আদর্শ কৃষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত রংপুরের তারাগঞ্জের ইকরচালী গ্রামের দেলোয়ার হোসেন (৫০)।দেলোয়ার এবার সাড়ে ২১ লাখ টাকা ব্যয়ে ৩০ একর জমিতে আলু চাষ করেছেন। আলু পেয়েছেন প্রায় তিন হাজার বস্তা। বর্তমান বাজারে প্রতি বস্তা (৮৫ কেজি) ২৫৫ টাকা হিসেবে বিক্রি করলে তাঁর উৎ পাদন খরচের তিন ভাগের প্রায় এক ভাগ উঠবে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে আলু বিক্রি করে চাষিদের উৎ পাদন খরচের অর্ধেকও উঠছে না। হিমাগারগুলো এখনো চালু করা হয়নি। আর হিমাগারগুলোতে এত আলু রাখার জায়গাও নেই। তবে পাইকারি বাজারে প্রতি কেজি আলু তিন টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাত-আট টাকায়।তারাগঞ্জে দুটি হিমাগার রয়েছে। এতে আলুর ধারণক্ষমতা এক লাখ ৪০ হাজার বস্তা। কৃষি অফিস সূত্রমতে, উপজেলায় অন্তত সাড়ে নয় লাখ বস্তা আলু উৎ পাদিত হবে। বদরগঞ্জের শাহ জালাল কোল্ড স্টোরেজে ধারণক্ষমতা এক লাখ ৮০ হাজার বস্তা। কৃষি বিভাগ আশা করছে, উপজেলায় দুই হাজার ৭৯৫ হেক্টরে উৎ পাদিত হবে প্রায় সাত লাখ বস্তা। আগামী ১০-১২ দিনের মধ্যে আলু তোলা শেষ হবে। ব্যবসায়ীদের মতে, তখন দাম আরও পড়বে।কৃষকদের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষ আলু রাখার স্লিপ দালালদের কাছে বিক্রি করে দিয়েছে। দালালেরা বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে এসব স্লিপ বিক্রি করছেন। শাহজালাল কোল্ড স্টোরেজের অফিস সহকারী তাজুল ইসলাম বলেন, ‘জায়গার অভাবে অনেক আলু হিমাগারে রাখতে পারব না। এ জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে চাষিদের আলু রাখার স্লিপ দেওয়া হয়েছে।’