বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা ১৭ ঘণ্টা ছিল বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা ১৭ ঘণ্টা ছিল বিদ্যুৎহীন। গত শুক্রবার রাতভর বিদ্যুৎ না থাকায় ওই দুই উপজেলা অন্ধকারে নিমজ্জিত হয়।
তারাগঞ্জ উপজেলার পশ্চিম জিগাতলা এলাকায় সৈয়দপুর থেকে বদরগঞ্জ পর্যন্ত ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুটি ইনস্যুলেটর নষ্ট হওয়ায় ওই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামের কৃষক সারোয়ার হোসেন বলেন, ‘এখন সব সময় বোরো খেতে পানি রাখা দরকার। সারা রাত বিদ্যুৎ না থাকায় সেচ মোটর চালু করতে পারিনি। রাতভর অন্ধকারে আতঙ্কে ছিলাম।’
বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনটি জরাজীর্ণ হয়ে পড়ায় নতুনভাবে তা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রতিটি বৈদ্যুতিক খুঁটির ওপরে নতুন ইনস্যুলেটর লাগানো হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সঞ্চালন লাইনের ওই স্থানে একটি খুঁটিতে থাকা ইনস্যুলেটর নষ্ট হওয়ায় উপজেলা দুটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন বিদ্যুৎ কর্মকর্তা বলেন, নতুন লাগানো ইনস্যুলেটরগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় অধিক ভোল্টেজের কারণে তা অহরহ নষ্ট হচ্ছে। গত ১৫ দিনে সাতটি ইনস্যুলেটর নষ্ট হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার সহকারী উপমহাব্যবস্থাপক মঞ্জুর রহমান বলেন, ইনস্যুলেটর নষ্ট হওয়ার কারণেই দুই উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে তা মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। মূলত ইনস্যুলেটর বিদ্যুৎ কুপরিবাহী। প্রতিটি বৈদ্যুতিক খুঁটির মাথায় দুটি ক্রস আর্মের ওপরে লাগানো থাকে ইনস্যুলেটর। এই ইনস্যুলেটরের ওপর দিয়ে বৈদ্যুতিক তার টানা থাকে। ইনস্যুলেটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা। এগুলো নিম্নমানের হলে অধিক ভোল্টেজে তা ফেটে নষ্ট হয় এবং খুঁটিতে আগুন লেগে ক্রস আর্ম পুড়ে যায়। এতে বিদ্যুৎ সঞ্চালন বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৈয়দপুর-বদরগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রতি সপ্তাহে কমবেশি ওই ঘটনা ঘটছে।