বদরগঞ্জ ও সারিয়াকান্দিতে বজ্রপাতে চারজন নিহত
রংপুরের বদরগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। বদরগঞ্জের ঘটনায় আহত হয়েছে আটজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বদরগঞ্জ (রংপুর)
বজ্রপাতে উপজেলার শেখেরহাটের বৈরাগীটারি গ্রামের জ্যোতিষ চন্দ্র বর্মণ (৪০) ও চিলাপাক উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার শ্মশান ভাংড়িঘাটে চিকলী নদী পারাপারের সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়িতে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকলী নদী পারাপারের জন্য বেলা দুইটার দিকে ঘাটের একপ্রান্তে নৌকার জন্য অপেক্ষা করতে থাকে অন্তত ২০ জন যাত্রী। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। আহত লোকজনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। তাঁরা পেশায় দিনমজুর।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মনের স্ত্রী ও দুটি বিবাহযোগ্য মেয়েসহ চারটি সন্তান রয়েছে এবং রফিকুল ইসলাম সম্প্রতি বিয়ে করেছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
আহত লোকজনের মধ্যে শেখেরহাট গ্রামের সোহাগকে (১৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোস্তফাপুর গ্রামের একা (৩০), শ্যামলী (৩৫), জানকীবালা (৩৫) ও গজেন রায়কে (৩৫) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই গ্রামের আহত কবীর হোসেন (৩২), দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুসেইন আলী (৭) ও নবম শ্রেণির ছাত্রী তামান্না (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ফরিদুল ইসলাম বজ্রপাতের ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারিয়াকান্দি (বগুড়া)
বাঙ্গালী নদীতে বৃষ্টির মধ্যে মাছ ধরতে নেমে বেলা আড়াইটার দিকে বজ্রপাতে বিপুল মিয়া (১১) ও বিশাল হোসেন (১২) নামের দুই ছাত্র নিহত হয়েছে। তাদের মধ্যে বিপুল সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের বলাইল গ্রামের বেলাল হোসেন মোল্লার ছেলে। বিশাল একই গ্রামের জহুরুল আকন্দের ছেলে।
বিপুল নিজ বলাইল আলিম মাদ্রাসার ষষ্ঠ এবং বিশাল একই মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
হাটশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল লতিফ জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাঙ্গালী নদীতে মাছ ধরতে নামার পর বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হয়। এতে দুই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। পরে মাছ ধরতে যাওয়া আশেপাশের লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন।