বদরগঞ্জ ও সিরাজগঞ্জে দুটি লাশ উদ্ধার
রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার মহাদেব গোয়ালা (৫০) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন পুলিশ সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সিও রোড এলাকার নৈশপ্রহরী মহাদেব (৫০) শনিবার গভীর রাত পর্যন্ত ওই রোডে পাহারা দিচ্ছিলেন। গতকাল সকালে বালুয়াভাটা ১২ নম্বর রেলঘুমটিসংলগ্ন ওই বস্তি এলাকার একটি খোকসার গাছে মহাদেবের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের ধারণা, মহাদেবকে অন্য কোথাও খুন করে গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তাঁর ছেলে গৌতম গোয়ালা হত্যা মামলা করেছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে আসল ঘটনা বের করার চেষ্টা করা হচ্ছে।’সিরাজগঞ্জের সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাজু সরকার জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ি থেকে গতকাল সাগর দাস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সাগর তাড়াশ উপজেলার ঘরগ্রামের মনো দাসের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সলঙ্গা থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, সাগরকে অপহরণ করার পর পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বাবা মনো দাস সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।