রংপুরের বদরগঞ্জে জাতীয় পার্টির দুই পক্ষ গত শুক্রবার রাতে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। একই স্থানে দলের দুই পক্ষের কর্মী সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে মারামারি, মোটরসাইকেল ভাঙচুর, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।একটি মামলার বাদী হয়েছেন নান্নু চৌধুরী। অপরটির আবদুর রাজ্জাক। দুটি মামলায় আসামি হিসেবে সাত-আটজনের নাম উল্লেখ করা হয়েছে।জানা গেছে, বদরগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর গত শুক্রবার বেলা তিনটায় স্থানীয় জীতেন দত্ত বিজয় মঞ্চে দলের কর্মী সমাবেশ ডাকেন। সমাবেশের পক্ষে কয়েক দিন ধরে এলাকায় মাইকে প্রচার চালানো হয়। একই সময় পৌর জাতীয় পার্টির সহসম্পাদক দলিলুর রহমানও সমাবেশ আহ্বান করে গত বৃহস্পতিবার রাত একটার দিকে আকস্মিকভাবে মাইকে প্রচার চালান। এ নিয়ে দলের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে পৌরসভার বালুয়াভাটা এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন পৌর জাতীয় পার্টির সহসম্পাদক দলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া ও জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী। এ সময় দলের অপর পক্ষের সদস্যরা লাঠি হাতে অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এতে আহত হন ওই তিন নেতা। পরে আহত নান্নু চৌধুরী ও দলিলুর রহমানকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা সেখানে বাদশাহ মিয়ার একটি মোটরসাইকেলও ভাঙচুর করে।শুক্রবার দুই পক্ষই জীতেন দত্ত বিজয় মঞ্চে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করলেও বিকেল সোয়া পাঁচটায় কড়া পুলিশ প্রহরায় হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন পক্ষটি সমাবেশ করে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। তবে সভা আহ্বানকারী অপর পক্ষের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসেননি।আহত নান্নু চৌধুরী বলেন, ‘আমি সাংস্কৃতিককর্মী। সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল তাঁর লোকজন দিয়ে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিটিয়েছেন।’ পৌর জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক দলিলুর রহমান অভিযোগ করেন, ‘পৌর জাতীয় পার্টির সমাবেশ আহ্বান করা হলেও কমিটির সদস্যরা তা জানতেন না। এ কারণে এরশাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা সেখানে সমাবেশ ডাকি। এই অপরাধে সাংসদ সন্ত্রাসীদের দিয়ে আমাদের পিটিয়েছেন।’পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘দলের সদস্যদের সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে কর্মী সমাবেশ ডাকি। যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা দলের কেউ না।’ সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো পক্ষ নেই। বিধিমালা মেনে ওই কর্মী সমাবেশ পাঁচ দিন আগে পৌর জাপার সম্পাদক হুমায়ুন কবীর আহ্বান করেন। সভাটি বানচাল করতে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি একই স্থানে সভা ডাকে। দুপুরে কোথায়, কে, কাকে পিটিয়েছে, আমি জানি না।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার পাল্টাপাল্টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।