বদরগঞ্জ-তারাগঞ্জে বিশেষ বরাদ্দের টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিশেষ বরাদ্দের ১৫ লাখ টাকা প্রকল্পের নামে তুলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) আওতায় ওই টাকায় দুই উপজেলায় ১৫টি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। গত ২৪ এপ্রিল প্রকল্পগুলোতে টাকা বরাদ্দ দেওয়ার পর ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত দেখানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিআর কর্মসূচির আওতায় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ থেকে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতারের অনুকূলে ওই টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা থেকে তিনি বদরগঞ্জে নয় লাখ ও তারাগঞ্জে ছয় লাখ টাকা বরাদ্দ দেন। এ টাকায় মসজিদ, মন্দির, শিশুপার্ক, কবরস্থান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ১৫টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের কমিটিতে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, বদরগঞ্জ পৌরসভায় আনিছুল হক চৌধুরী পৌর শিশুপার্ক সংস্কারে ৮২ হাজার টাকা ও পৌরসভা চত্বরে গ্যারেজের মেঝে পাকাকরণে ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও এই দুটি প্রকল্পের কোনো কাজই হয়নি। প্রকল্প দুটির সভাপতি বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা কাজ না করে টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। উত্তম কুমার সাহা বলেন, ‘টাকা দিয়ে আমি পার্কের সীমানাপ্রাচীরের ওপর গ্রিল দিয়েছি, গ্যারেজের মেঝেও পাকা করেছি।’ পৌর তহবিলের টাকায় আগেই গ্রিল দেওয়া ও মেঝে পাকা করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক আগে কাজ করা হলেও টাকা বাকি থাকায় পরে তা পরিশোধ করেছি।’জামুবাড়ী সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্নুজান আখতার বানু মুঠোফোনে বলেন, ‘টাকা বরাদ্দ হওয়ার কথা শুনেছিলাম। কিন্তু কোথায় সেই টাকা?’ প্রকল্প কমিটির সভাপতি পৌর ছাত্রলীগের সভাপতি ফারুক সর্দার বলেন, ‘কাজ হয়নি, হবে।’ শেখ রাসেল স্মৃতি ঘর সংস্কার প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। প্রকল্পের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘টাকা জমা আছে। ঘর পাকা করা হবে।’একইভাবে লালবাড়ী উচ্চবিদ্যালয় সংস্কারে ৩০ হাজার, সন্তোষপুর দাড়ারপড় মক্তব ও মসজিদ সংস্কারে ৭৫ হাজার, বক্কর মেম্বারেরপাড়া ওয়াক্তিয়া মসজিদ ঘর সংস্কারে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। তবে প্রকল্প কমিটিগুলোর সভাপতিরা বলছেন, কাজ পরে করবেন।জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী বলেন, ‘কেউ টাকা আত্মসাৎ করেনি। কাজ হচ্ছে, হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ‘কাজ না করে কেউ টাকা আত্মসাৎ করে থাকলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’তারাগঞ্জ উপজেলার মোহাম্মদপুর দারুস সালাম শিশু সদন মাদ্রাসা সংস্কারের নামে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে দেখা গেছে প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পের চেয়ারম্যান গোলাম সরওয়ার বলেন, ‘টাকা না দিলে তো এসব বরাদ্দ পাওয়া যায় না। দিয়া থুয়া যে টাকা আছে, তা দিয়ে দু-এক দিনের মধ্যে কাজ শুরু করা হবে।’উত্তর হাজীপুর জানেরপর জামে মসজিদ সংস্কারের জন্য বরাদ্দ করা ৪০ হাজার টাকারও কোনো কাজ করা হয়নি। প্রকল্প কমিটির সভাপতি ইকরচালী ইউনিয়নের ৫ নম্বর হাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘টাকা তুলে তো আত্মসাৎ করিনি, জমা আছে, এখন কাজ করব।’ অনন্তপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে বরাদ্দ করা এক লাখ টাকা তুলে শুধু বিদ্যালয়ের চারটি কক্ষের চুনকাম করা হয়েছে। সরেজমিনে গেলে স্কুলের প্রধান শিক্ষক রতিলাল রায় বলেন, ‘স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ করা ছিল খুবই জরুরি। কিন্তু সেটা না করে শুধু চুনকাম করা হয়েছে।’ প্রকল্প কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস ছালেক বলেন, ‘৫০-৬০ হাজার টাকার কাজ করেছি, এখন বাকি টাকার কাজ করে দেব।’সয়ার শ্যামগঞ্জ কুঠিপাড়া নতুন মসজিদ সংস্কারের জন্য এক লাখ ১০ হাজার, বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য এক লাখ, সয়ার ইউনিয়নের সরদারপাড়া মাদ্রাসা সংস্কারের জন্য ৫০ হাজার ও সয়ার শ্যামগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এসব প্রকল্পের টাকা তুলে নামমাত্র কাজ করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে থাকা আনিছুর রহমান বলেন, জুনের মধ্যে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত দেখানো হলেও ব্যস্ততার কারণে কোনো প্রকল্পে এখনো তিনি যেতে পারেননি। কাজ না হয়ে থাকলে প্রকল্প সভাপতিদের দিয়ে কাজ করে নেওয়া হবে।মুঠোফোনে জানতে চাইলে সাংসদ ফরিদা আখতার বলেন, ‘প্রকল্পগুলোর কাজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা করেছে সেটা ঠিক। কিন্তু একেবারে কাজ না হলে তো সমস্যা। এগুলো দেখার দায়িত্ব পিআইও ও ইউএনওর। তাহলে তাঁরা কি করলেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’