প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেন্দ্র মোহন চাকীকে বদলি করা হয়েছে। একটি অপহরণ মামলার বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ার পর গত বুধবার তাঁকে রংপুরের গঙ্গাচড়া থানায় বদলি করা হয়। এদিকে পুলিশ ওই অপহরণ মামলায় সাইদুল ইসলাম (৩৭) নামের এক আসামিকে গত বুধবার বিকেলে উপজেলার বানুয়াপাড়া থেকে গ্রেপ্তার করে। গত ২৮ জুলাই বদরগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর অপহূত মেয়েকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করার কথা বলে রাজেন্দ্র মোহন চাকী চার হাজার টাকা ঘুষ নেন। এর পরও তিনি মেয়েটিকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেপ্তার না করে মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করেন।